২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় কর্মকর্তা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে এক হোটেল পরিচারিকাকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের যুগ্ম-সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে এক হোটেল পরিচারিকাকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের যুগ্ম-সচিব পর্যায়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুরেন্দ্র মহাপাত্র নামের বন বিভাগের ওই কর্মকর্তাকে বুধবার পেনসিলভানিয়ার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বলে এনডিটিভি জানায়। নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণে যোগ দিতে অন্য ২৯ জন কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রে যান মহাপাত্র। এই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক দীরেন্দ্র বারগভ এনডিটিভিকে বলেন, “কক্ষে ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ায় মহাপাত্র হোটেল কর্তৃপক্ষকে ফোন করলে একজন নারী তার কক্ষে যান। তিনি সমস্যার সমাধান করতে না পেরে ফিরে যান। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।” ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে মহাপাত্রকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, “মহাপাত্র একজন প্রবীণ মানুষ এবং আপাদমস্তক ভদ্রলোক।” মহাপাত্রকে আইনি সহায়তা দিতে ভারত সরকার বিষয়টি খতিয়ে দেখছে বলে এনডিটিভি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৩৩২ ঘ.