বাগদাদ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক জুড়ে সোমবার চালানো বোমা ও বন্দুক হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার ইরাক শাখা। মূলত শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো ওই হামলায় অন্তত ১১৬ জন নিহত ও প্রায় ৩শ’ জন আহত হয়।
মঙ্গলবার চরমপন্থি ইসলামী ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে আল কায়েদার ইরাকি শাখা ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক’ (আইএসআই) হামলার দায় স্বীকার করে। বিবৃতিতে এটিকে “প্রাচীর ধ্বংসের” হামলা বলে বর্ণনা করেছে দলটি।
গত ডিসেম্বরে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর সোমবারের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। একদিন আগে রোববারও বোমা হামলায় ২০ জন নিহত হয়।
২০০৬-২০০৭ সালে শিয়া ও সুন্নিদের মধ্যে সহিংসতায় ইরাকে হাজার হাজার মানুষ নিহত হয়। গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায় দেশের পরিস্থিতি। ওই একই পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যেই আইএসআই শিয়াদের লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৪ঘ.
bdnews24