২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের হটিয়ে দিল সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের বড় ধরনের হামলার দুই সপ্তাহ পর শহরটির দুইটি এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

বাব আল সালাম, সিরিয়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের বড় ধরনের হামলার দুই সপ্তাহ পর শহরটির দুইটি এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী। রোববার বিদ্রোহীদের দখল থেকে দামেস্কের মেঝেহ ও বারজেহ এলাকা পুনর্দখল করে সেনাবাহিনী। ওই এলাকা দুটির সরকার বিরোধী আন্দোলনকারীরা জানিয়েছেন, দখল নেওয়ার পর বিদ্রোহীদের সহযোগিতা করছে সন্দেহে নিরস্ত্র অন্ততপক্ষে ২০ জনকে হত্যা করেছে সেনাবাহিনী। এদের সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। একজনের বয়স ১৮ বছর। বারজেহ এলাকাটির দখল নেয় সিরীয় সেনাবাহিনীর চতুর্থ ডিভিশন। এই ডিভিশনটির নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের আল আসাদ। স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা জানিয়েছেন, দামেস্কের কূটনৈতিক এলাকা মেঝেহ থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী। এই এলাকায় সরকারী বাহিনী ও রক্ষী বাহিনীর প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে সাঁজোয়া যান, ট্যাংক ও বুলডোজার আছে বলে জানান তারা। টেলিফোনে থাবেত নামের মেঝেহ এলাকার এক বাসিন্দা জানান, “এলাকাটি দখল করে নেওয়া হয়েছে। আহতরা বিনা চিকিৎসায় পড়ে আছে।” পাল্টা হামলা শুরুর সময় সরকারী বাহিনীর নিক্ষিপ্ত গোলবর্ষণে এখানে তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে জানান তিনি। বিদ্রোহীদের একটি সূত্র জানায়, গেরিলাদের দীর্ঘদিন রাজধানীতে অবস্থান করতে হলে তাদের নিয়মিত রসদ সরবরাহ করতে হবে যার কোনো ব্যবস্থা নেই। তাই কৌশলগত কারণেই রাজধানীর গেরিলাদের পিছু হটতে হতো। সিরিয়ায় গত ১৬ মাস ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১৮ হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১১ ঘ.