২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ে ৬০ বছরের সর্বোচ্চ বৃষ্টিতে ৩৭ জনের মৃত্যু

গত ষাট বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে চীনের রাজধানী বেইজিংয়ে অন্ততপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 06:55 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

বেইজিং, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ষাট বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ে চীনের রাজধানী বেইজিংয়ে অন্ততপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ব্যাপক বৃষ্টিপাতে শহরের প্রধান সড়কগুলো ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শহরের প্রধান বিমানবন্দরে প্রায় ৮০ হাজার মানুষ আটকা পড়েছে। শনিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টিতে বেইজিংয়ের প্রধান রাস্তাগুলো ডুবে যায়। আন্ডারপাসগুলোর সিঁড়ি বেয়ে প্রবল বেগে পানি নামতে থাকে। নিজস্ব ব্লগসাইটে বেইজিং নগর কর্তৃপক্ষ ৩৭ জনের মৃত্যু সংবাদ জানিয়েছে। এদের মধ্যে ডুবে মারা গেছে ২৫ জন, ধসে পড়া ছাদ চাপা পড়ে মারা গেছে ৬ জন, বিদ্যুতের তারে জড়িয়ে ৫ জন ও বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার থেকে পাঁচশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং নিউজ। এসব বিমানের যাত্রীরা বিমানবন্দরেই আটকা পড়ে আছেন। সড়ক ডুবে গেলেও পাতাল রেল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিনহুয়া জানায়, শনিবার বেইজিংয়ে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং নগর কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫১ ঘ.