২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শপথের পর বিজয়োল্লাস করবে প্রণবের পরিবার

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে ২৫ জুলাই শপথ গ্রহণের পর পরিবার থেকে বিজয়োল্লাস করা হবে বলে জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

দিল্লি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে ২৫ জুলাই শপথ গ্রহণের পর পরিবার থেকে বিজয়োল্লাস করা হবে বলে জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বিজয়োল্লাস হবে কবে? এনডিটিভি’র এমন প্রশ্নের জবাবে সুখ্যাত কত্থক নৃত্যশিল্পী শর্মিষ্ঠা বলেন, “আমার মনে হয় ২৫ জুলাইয়ের আগে আমরা পারিবারিকভাবে এ বিজয় উদযাপন করব না। তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ গ্রহণের পর আমরা অবশ্যই বিজয়োল্লাস করব। তখন সবাই আসবে, আর সেটাই হবে উল্লাসের উপযুক্ত সময়।” তিনি আরো বলেন, “গত কয়েকটি সপ্তাহ তার (প্রণব) উপর দিয়ে ঝড় বয়ে গেছে।” রাষ্ট্রপতি ভবনে দূর্গাপূজার আয়োজন করা হবে কিনা জানতে চাইলে শর্মিষ্ঠা বলেন, “মোটেই না, তিনি হবেন ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি।” তবে বীরভূমের গ্রামের বাড়ি মিরাটিতে যথারীতি দূর্গাপূজার আয়োজন করা হবে বলে জানান তিনি। প্রণবের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ফার্স্ট লেডি হিসাবে সক্রিয় ভূমিকা পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মা’র শরীর তেমন ভাল নেই এবং মনে হয় না তিনি সক্রিয়ভাবে প্রেসিডেন্টের স্ত্রীর ভূমিকা পালন করতে পারবেন।” শর্মিষ্ঠা বলেন, “বেশ কয়েক বছর ধরে তার (শুভ্রা) শরীরের অবস্থা ভাল যাচ্ছে না। অসুস্থতার কারণে তিনি কতটা সক্রিয় থাকতে পারবেন তা সত্যিই বলতে পারছি না। তবে সুস্থ থাকলে আনন্দের সঙ্গেই তিনি এ ভূমিকা পালন করতেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫২ঘ.