কলকাতা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীরভূমের এক গ্রাম থেকে বহু চড়াই উৎরাই পেরিয়ে শেষপর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ভবনে বাঙালি ঘরের ছেলে প্রণব মুখোপাধ্যায়, ছেলেবেলায় গ্রামের লোকেরা যাকে ‘পল্টু’ নামেই ডাকত।
কলকাতার ডেপুটি একাউন্টেন্ট-জেনারেলে’র কার্যালয়ে একজন কেরানি হিসাবে তার কর্মজীবনের শুরু। এরপর বীরভূমের একটি কলেজে শিক্ষকতা করেছেন বেশ কিছু দিন। এছাড়া ‘দেশের ডাক’ নামক এক বাংলা সংবাদপত্রে সাংবাদিকতাও করেছেন প্রথম জীবনে।
৭৬ বছর বয়সী প্রণব সবসমই জীবনের খুঁটিনাটি লিখে রাখেন তার ডায়রিতে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময়ও এক পৃষ্ঠা দিনলিপি লিখতে ভুলেননি তিনি। তার মেয়ের ইচ্ছা তার বাবার দিনলিপি প্রকাশ করবে। কিন্তু প্রণবের ইচ্ছা তার মৃত্যুর আগে তা অপ্রকাশিতই থাকুক।
আগা-গোড়া বাঙালি প্রণব বাবুর প্রিয় খাবার মাছের ঝোল আর ভাত। মঙ্গলবার ছাড়া তার প্রায় প্রতিদিনের খাবার তালিকায় মাছ থাকবেই। এছাড়া নিরামিষ তরকারির সাথে পোস্ত দানা খেতে খুব ভালবাসেন তিনি।
খুব ভোরে তিনি ঘুম থেকে ওঠেন এবং সকালে পূজার কাজ সেরে বাকি কাজে হাত দেওয়াই তার রীতি। রাতে ঘুমাতে যাওয়ার আগে বই পড়া তার অভ্যাস এবং সাধারণত বিকালবেলা এক ঘন্টার দিবানিদ্রায় যান এই বাঙালি বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৮ঘ.
bdnews24