কলোরাডো, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হওয়ার ঘটনায় শোক পালন করছে যুক্তরাষ্ট্র।
দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের অরোরা শহরতলীতে ব্যাটম্যান সিরিজের নতুন সিনেমা ‘ডার্ক নাইট রাইজেস’ চলার সময় ওই ঘটনা ঘটে।
মধ্যরাতে গ্যাস মাস্ক পরিহিত এক ব্যক্তি সিনেমা হলে ঢুকে প্রথমে কাঁদানে গ্যাস ছুড়ে মারে এবং পরে দর্শকদের উপর গুলি চালায়।
নিহতের পাশাপাশি এ ঘটনায় আরো ৫৮ জন আহত হয়েছেন।
কলোরাডো’র গভার্নর জন হিকেনলুপার জানিয়েছেন, এখনো ৩০ জন হাসপাতালে রয়েছেন যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের স্মরণে শতশত মানুষ ঘটনাস্থলে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে তাদের শোক প্রকাশ করেছে।
ঘটনার পর হলের সামনে থেকে সন্দেহজনক হামলাকারী ২৪ বছর বয়সী জেমস হোমস নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
হোমস কোলোরাডো-ডেনভার বিশ্ববিদ্যালয়ের øায়ুবিজ্ঞানের পিএইচডি’র ছাত্র ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় সন্ত্রাসীদের কোন সংশ্লিষ্টতা পায়নি কর্তৃপক্ষ এবং হোমসের নামেও আগের কোন অপরাধের তথ্য নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯১৫ ঘ.
bdnews24