২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জাতিসংঘ মিশনের মেয়াদ বাড়াতে ভোট

সিরিয়ায় পাঠানো জাতিসংঘ মিশনের মেয়াদ আরো ৩০ দিন বাড়াতে নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 04:27 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় পাঠানো জাতিসংঘ মিশনের মেয়াদ আরো ৩০ দিন বাড়াতে নিরাপত্তা পরিষদে ভোটগ্রহণ হয়েছে। একইসঙ্গে ভারি অস্ত্রের ব্যবহার বন্ধ ও লড়াই সহজতর হলে এ মিশনের মেয়াদ বাড়ানো যেতে পারে বলেও রাজি হয়েছে সদস্য রাষ্ট্রগুলো। নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনার কয়েক ঘণ্টা পর এ ভোট অনুষ্ঠিত হয় বলে বিবিসি জানায়। যুদ্ধবিরতির পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে এ পর্যবেক্ষকদের সিরিয়ায় পাঠানো হলেও ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে পরে তাদের কার্যক্রম স্থগিত করা হয়। নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের সমর্থিত খসড়া এ প্রস্তাবে রাশিয়া প্রথমে ভেটো দেওয়ার হুমকি দেয়। তবে মস্কোর প্রতিনিধি ভিটালি চুরকিন অবশেষে এতে সমর্থন দিয়েছেন। খসড়া এ প্রস্তাব অনুযায়ী, সিরিয়ায় জাতিসংঘ মিশনের মেয়াদ আগামী ৩০ দিনের মধ্যে শেষ হবে। তবে সিরিয়ার সরকার ও বিরোধী উভয় পক্ষই জাতিসংঘ প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনা যে মানছে তা জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদ নিশ্চিত করতে পারলে মেয়াদ বাড়ানো হতে পারে। ভোটের পর জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের প্রতিনিধি মার্ক লিয়াল গ্র্যান্ট বলেন, সেখানকার পরিস্থিতির পরিবর্তন না ঘটলে এ মেয়াদই চূড়ান্ত হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস জানান, সিরিয়ায় অব্যাহতভাবে জাতিসংঘ প্রতিনিধি থাকার মতো সহিংসতা কমে আসার সম্ভাবনা কম। এদিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, সিরিয়ায় পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটি থেকে হাজার হাজার মানুষ পালিয়ে লেবাননে চলে যাচ্ছে। তাদের হিসেব অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় লেবাননে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা ৯ হাজার ৩০ হাজার হতে পারে। আর লেবাননে ইতোমধ্যেই ২৬ হাজার ৯শ’ নিবন্ধিত সিরিয়ান শরণার্থী রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি মানুষ ইরাকে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গত বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলন শুরুর পর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ জর্ডানে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০১৯ ঘ.