নয়া দিল্লি, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন তাদের প্রচ্ছদ প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের সাফল্য প্রত্যাশার তুলনায় কম দাবি করার দু’সপ্তাহ পর এবার ভারতের ‘আউটলুক’ ম্যাগাজিনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একইভাবে মূল্যায়ন করেছে।
আউটলুকের প্রচ্ছদ প্রতিবেদনে ওবামাকে ‘দ্য আন্ডারএচিভ্যার’ অভিহিত করে তার সাফল্য প্রত্যাশার তুলনায় কম বলে দাবি করা হয়েছে। টাইম ম্যাগজিনও মনমোহনের ক্ষেত্রে ওই একই শব্দ ব্যবহার করেছিল।
টাইম ম্যাগাজিন মনমোহনকে ‘দ্য আন্ডারএচিভ্যার’ বলার পর ভারতে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে।
টাইম ম্যাগাজিনের ভাষা ব্যবহার করে আউটলুক বলেছে, “আমেরিকার ‘রিবুট’ বা পুনর্গঠন প্রয়োজন।”
তবে আউটলুকের প্রচ্ছদ প্রতিবেদনটি “ইটের বদলে পাটকেল ছোড়া” কিংবা মনমোহনকে সমর্থন জানানো নয় বলে দাবি করেছেন ম্যাগাজিনটির সম্পাদক।
কিন্তু আউটলুক লিখেছে, “তিনি (ওবামা) আশার আলো দেখিয়েছিলেন এবং পরিবর্তনের প্রত্যয় জানিয়েছিলেন। কিন্তু চার বছর হতে চলল, প্রেসিডেন্ট বারাক ওবামার সেই দীপ্তি হারিয়ে গেছে। তার দম্ভপূর্ণ গালভরা প্রতিশ্র“তি কি তাকে আবার ক্ষমতায় বসাতে পারবে?”
আর টাইম ম্যাগাজিন লিখেছিল, “ভারতের ‘রিবুট’ বা পুনর্গঠন প্রয়োজন। প্রধানমন্ত্রী মনমোহন সিং কি ক্ষমতায় থাকতে পারবেন?”
সম্প্রতি ভারত সরকার বেশ সমালোচনার মুখে পড়েছে যার কারণ হিসাবে অনেকে সরকারি “নীতি গঠনে স্থবিরতা’কে” চিহ্নিত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৪ঘ.
bdnews24