বাগদাদ/সান ফ্রান্সিসকো, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের প্রেসিডেন্ট নুরি আল-মালিকি জানান, কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে এক্সন মোবিলের তেল চুক্তি বিষয়ে বাগদাদের উদ্বেগকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
একই সঙ্গে ইরাকের সংবিধান ও আইনের প্রতি ওয়াশিংটনের শ্রদ্ধার ওপরও জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ওবামার চিঠি পাওয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে একথা জানান। ওবামার চিঠিকে স্বাগতও জানিয়েছে বাগদাদ।
জ্বালানি রপ্তানি নিয়ে স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের সঙ্গে বিরোধ চলে আসছে বাগদাদের। আর এরই পরিপ্রেক্ষিতে স্থিতিশীলতা নষ্টের আশঙ্কায় সেখানে তেল অনুসন্ধান থেকে এক্সনকে বিরত রাখতে ওবামার প্রতি অনুরোধ জানায় তারা।
বিবৃতিতে মালিকি বলেন, “চিঠিটি যে ইতিবাচক এবং এতে যে ইরাকের সরকার যেমন চাচ্ছে সেভাবেই সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে তা নিশ্চিত করছি আমি।”
কুর্দিস্তানের সঙ্গে সই করা চুক্তির কথা উল্লেখ করে এতে বলা হয়, “আইন প্রয়োগে ইরাকের সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এ কোম্পানিটিকে এসব চুক্তি বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না।”
এক্সনের পক্ষ থেকে এ বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
ওবামার চিঠির বিষয়বস্তু নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিছু জানানো না হলেও ইরাকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সম্ভাব্য কিছু অসন্তোষের ইঙ্গিত দেওয়া হয়েছে।
কুর্দিস্তানে মার্কিন তেল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্র্তা বলেন, দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় প্রবেশে কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করছে ওবামা প্রশাসন।
তিনি বলেন, “ওয়াশিংটন জানিয়েছে, কুর্দিস্তানে প্রবেশের সঠিক সময় নয় এখন।”
প্রধান কোনো তেল কোম্পানি হিসেবে গত বছরের অক্টোবর মাসে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) সঙ্গে চুক্তি সই করে এক্সন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.
bdnews24