ব্রাসিলিয়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের আদিবাসী নেতা নিসিও গোমেজকে (৫৯) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত বছরের নভেম্বর মাসে দক্ষিণাঞ্চলীয় মাতো গ্রোসো দো সুল প্রদেশে হত্যা করা হয় তাকে।
কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র পোন্টা পোরা বলেন, গুয়ারানি কাইয়োওয়া গোষ্ঠীর নেতা গোমেজের শিবিরে হামলা চালাতে ব্যক্তিমালিকানাধীন একটি নিরাপত্তা ফার্মকে ভাড়া করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্র্রেক্ষিতে এ ফার্মের ১০জনকে আটক করা হয়েছে।
আর এদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে আটক করা হয়েছে আরো আট ব্যক্তিকে।
গত বছর গুয়ারানি কাইয়োওয়া গোষ্ঠীর মানুষেরা জানান, মুখোশধারী একদল লোক তাদের ক্যাম্পে ঢুকে তাদের নেতার মাথা, বুক, হাত ও পায়ে গুলি করে। এরপর একটা ট্রাকে করে তার লাশ নিয়ে চলে যায়। এখনও তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে ক্যাম্পে তেমন রক্ত না থাকায় এবং গোমেজকে প্যারাগুয়েতে দেখা গিয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী দাবি করায় পুলিশের মনে হত্যার ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ দেখা দেয়।
অবশ্য এ প্রত্যক্ষদর্শীকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে- এমন খবর জানার পর গত সপ্তাহে পুলিশ গোমেজকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়।
গুয়ারানি ব্রাজিলের সবচেয়ে বড় আদিবাসী সম্প্রদায় হিসেবে পরিচিত। সাতটি রাজ্যে এ সম্প্রদায়ের প্রায় ৪৬ হাজার সদস্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩২ ঘ.
bdnews24