২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া বিরোধী প্রস্তাবে ফের চীন-রাশিয়ার ভেটো

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবনায় আবার ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এতে ক্ষুব্ধ হয়েছে পশ্চিমা দেশগুলো। ওদিকে, দামেস্কে বোমা হামলার পর রাষ্ট্রীয় টিভিতে প্রথম দেখা গেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবনায় আবার ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। এর আগে জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে দুবার ভেটো দেয় দেশ দুটি। যুক্তরাজ্য, ফ্রান্সসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো সে সময় এর তীব্র সমালোচনা করে। এবারো চীন, রাশিয়ার ভেটোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সিরিয়ার জনগণকে রক্ষায় ব্যর্থতার জন্য জাতিসংঘকে দোষারোপ করেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। এবারের প্রস্তাবনায় সিরিয়া সরকার দেশের জনগণের ওপর ভারী অস্ত্র ব্যবহার বন্ধ না করলে এবং বিভিন্ন শহর ও গ্রাম থেকে সেনা সরিয়ে না নিলে সেদেশের কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। এ নিয়ে তিনবার সিরিয়া বিরোধী প্রস্তাবনায় ভেটো দিল দেশ দুটি। সিরিয়ার বিরুদ্ধে দু দেশের এই অটল অবস্থানে যুক্তরাজ্য মর্মাহত বলে নিরাপত্তা পরিষদকে জানান ব্রিটিশ কূটনীতিক লয়াল গ্র্যান্ট। “তাদের কর্মকাণ্ড একটি নৃশংস শাসকগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছে। তারা লাখ লাখ সিরীয়র জীবনের দিকে না তাকিয়ে নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে”, বলেন তিনি। ওদিকে, সিরিয়ায় বুধবারের আত্মঘাতী বোমা হামলায় ঊর্ধ্বতন তিন কর্মকর্তা নিহত হওয়ার পর বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে প্রথম দেখা গেছে নতুন প্রতিরক্ষামন্ত্রীকে শপথ পাঠ করানোর একটি অনুষ্ঠানে। তবে এ অনুষ্ঠান কেথায় হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি। বিবিসি এক খবরে একথা জানিয়েছে। ওই হামলার পর থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জনসম্মুখে দেখা না যাওয়ায় তার অবস্থান নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। খবর পাওয়া যায়, তিনি দামেস্কে নেই, লাতাকিয়ায় আছেন। দামেস্কে হামলার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। বিদ্রোহীদের হঠাতে দামেস্কের বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন হচ্ছে। আন্দোলনকর্মীরা বলেছে, দামেস্কের এক দাফনানুষ্ঠানে গোলা এবং হেলিকপ্টার হামলা হয়েছে। বুধবার রাতভর সংঘর্ষে দেশজুড়ে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। প্রেসিডেন্ট প্রাসাদ এবং নিরাপত্তা দপ্তরগুলোর কাছে লড়াই চলতে দেখা গেছে। মিদান এবং কাফার সুসেহ এলাকার অধিবাসীরা অবিরাম বোমা হামলা এবং প্রচণ্ড গোলাগুলি চলার কথা জানিয়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে কালো ধোঁয়া ও পুড়ে যাওয়া মৃতদেহ। বুধবারের আত্মঘাতী বোমায় প্রতিরক্ষামন্ত্রী, উপপ্রতিরক্ষামন্ত্রী ও সঙ্কট ব্যবস্থাপনা দপ্তর প্রধান নিহত হওয়ার পর সিরিয়ার সেনাবাহিনী অপরাধী ও সন্ত্রাসী চক্র নির্মূল করার অঙ্গীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৩ঘ.