২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানজিবার উপকূলে ফেরি ডুবি, নিহত ৩১

তানজানিয়ার একটি ফেরি প্রায় ২৮০জন যাত্রী নিয়ে জানজিবারের উপকূলের কাছে ডুবে গেলে অন্ততপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

স্টোন টাউন, জানজিবার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তানজানিয়ার একটি ফেরি প্রায় ২৮০জন যাত্রী নিয়ে জানজিবারের উপকূলের কাছে ডুবে গেলে অন্ততপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আধা স্বায়ত্তশাসিত জানজিবারের এক মন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন ইউরোপীয় নাগরিক রয়েছেন। ইতোমধ্যে ১৪৫ জনকে উদ্ধার করা হলেও অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। তবে প্রবল বাতাসের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ কমিশনার মুসা আলি মুসা জানিয়েছেন, আমরা এখনো পর্যন্ত ৩১ জনের মৃতদেহ পেয়েছি। এছাড়া ১৪৫জনকে উদ্ধার করা হয়েছে। অবশ্য, জানজিবারের যোগাযোগমন্ত্রী হামাদ মাসুদ হামাদ সাংবাদিকদের বলেন, “দুইজন ইউরোপীয়সহ আমরা এখনো পর্যন্ত ২৪ জনের মৃতদেহ পেয়েছি।” তানজানিয়ার দারুস সালাম শহর থেকে এই ফেরিটি বৃহস্পতিবার সকালে জানজিবারের উদ্দেশে যাত্রা করে। সাধারণত এই দূরত্ব অতিক্রম করতে দুই ঘণ্টা সময় প্রয়োজন হয়। বিবিসি জানিয়েছে, যাত্রীদের মধ্যে অন্ততপক্ষে ৩১টি শিশুও ছিল। গত সেপ্টেম্বরেই অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা জানজিবারের উপকূলে ডুবে গেলে প্রায় ২শ’ মানুষের মৃত্যু হয়। নৌকাটিতে ৮শ’ যাত্রী ছিল বলে ধারণা করা হয়। দারুস সালাম ও জানজিবারের এই পথটি তানজানিয়ান ও বিদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৩ ঘ.