বুরগাস, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুলগেরিয়ার পূর্বাঞ্চলীয় বুরগাস শহরে ইসরায়েলি পর্যটকদের বহনকারী একটা বাসে বোমা হামলায় অন্ততপক্ষে সাতজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে।
বুরগাস বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলের কর্মকর্তারা জানান।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলেই ছয়জন ও গুরুতর আহত অপর এক ব্যক্তি হাসপাতালে মারা যায়। গুরুতর আহত অপর দুই ব্যক্তি নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। আর আহত আরো ৩০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসরায়েল থেকে আসা চার্টার ফ্লাইটের যাত্রীরা এই বাসটিতে ছিলো বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
ইসরায়েলের টেলিভিশনে প্রচারিত প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, এক ব্যক্তি বাসে ওঠার পরপরই এ বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পর বুরগাস বিমানবন্দর বন্ধ করে দিয়ে ফ্লাইটগুলোকে ভারনায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
জরুরি সেবাপ্রদানকারী কর্মকর্তা ও কূটনীতিকদের নিয়ে ইসরায়েলের দুটি বিমান বুরগাসের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। কর্মকর্তারা আহতদের সহায়তা ও নিহতদের পরিচয় খুঁজে বের করতে সহায়তা করবে।
বুুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ম্লাদেনোভ বলেন, “সন্দেহভাজন সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।”
এদিকে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক বিবৃতিতে তিনি বলেন, “সব সংকেতই ইরানের প্রতি ইঙ্গিত করছে। ইরানের সন্ত্রাসীদের প্রতি কঠিন জবাব দেবে ইসরায়েল।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একে ‘বর্বর সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
ইসরায়েলের জনগণের কাছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয় বুলগেরিয়া ।
তুরস্ক থেকে বুলগেরিয়াগামী ইসরায়েলের পর্যটকবাহী একটি বাসে সন্দেহজনক একটি প্যাকেট পাওয়ার পর গত জানুয়ারি মাসে বাসে করে ভ্রমণকারী ইসরায়েলের পর্যটকদের নিরাপত্তা জোড়দার করতে বুলগেরিয়ার সরকারকে অনুরোধ জানায় ইসরায়েল।
তবে শুধু বুলগেরিয়া নয় বরং বিশ্বের অনেক দেশেই বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে ইসরায়েলের পর্যটকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৫ ঘ.
bdnews24