২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বাঙালি রাষ্ট্রপতি পাচ্ছে ভারত?

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার দিনভর ভোট দিয়েছেন দেশটির সাংসদ আর বিধায়করা। ৬৫ শতাংশ ভোট পেয়ে প্রণবই ভারতের নতুন রাষ্ট্রপতি হবেন বলে আশাবাদী ইউপিএ জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 04:14 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার দিনভর ভোট দিয়েছেন দেশটির সাংসদ আর বিধায়করা। ৬৫ শতাংশ ভোট পেয়ে প্রণবই ভারতের নতুন রাষ্ট্রপতি হবেন বলে আশাবাদী ইউপিএ জোট। ভোট গ্রহণ চলেছে স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ভোট দিয়েছেন ৪ হাজারেরও বেশি সাংসদ ও বিধায়ক। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নয়, ব্যালট পেপারে ভোট দেন তারা। পার্লামেন্টের ৬৯৯ জন এমপির মধ্যে ২১ জন ভোটদানে বিরত থাকেন। এদের মধ্যে ছিলেন তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং তেলেগু রাষ্ট্র সমিতি (টিআরএস) এর আইনপ্রণেতারা। কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভোট দেন প্রণবকে। ওদিকে, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে সঙ্গে নিয়ে ভোট দেন প্রণব মুখার্জিও। কপালে তিলক আঁকা প্রণবকে এ সময় যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। ভোটের ফল ঘোষণা করা হবে ২২ জুলাই। নির্বাচনের আগ মুহূর্তে শরিকদের সমর্থন টানতে পারায় ক্ষমতাসীন জোটের প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের জয় কার্যত নিশ্চিত হয়ে গেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাদের ধারণা সঠিক হলে এই প্রথমবারের মতো একজন বাঙালিকে রাষ্ট্রপতি হিসাবে পেতে যাচ্ছে ভারত। নির্বাচিত হলে প্রণব ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হবেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) প্রার্থী সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে এ নির্বাচনে লড়েছেন লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমা। তবে প্রণবের সম্ভাব্য বিজয় আঁচ করতে পেরে ইতোমধ্যে তার বাড়িতে শুভেচ্ছার ফুল পাঠানো শুরু হয়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে। অবশ্য শুরুতে প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী হিসেবে মানতে রাজি হননি ইউপিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জোটের ভেতর চাপা উৎকণ্ঠাও তৈরি হয়। শেষ পর্যন্ত মমতা পিছু হটেন, প্রণবের প্রার্থিতায় সমর্থন দেন। মমতার সমর্থন আদায় করতে পারায় প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যরা ভোট দিয়ে থাকেন। প্রত্যেক রাজ্যের বিধানসভা ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এই ভোট হয় ইলেকটোরাল কলেজের মাধ্যমে। একজন সদস্যের ভোটমূল্য নির্ধারিত হয় প্রত্যেক রাজ্যের মোট জনসংখ্যার অনুপাত অনুযায়ী। অর্থাৎ, রাজ্যের প্রকৃত ভোটার আর বিধানসভা আসনের অনুপাতই হলো ওই রাজ্যের বিধায়কের ভোটমূল্য। পাশাপাশি দেশের মোট ভোটারকে লোকসভা ও রাজ্যসভার সদস্যসংখ্যা দিয়ে ভাগ করা হয়। এভাবে রাজ্যসভা ও লোকসভার ভোটমূল্য নির্ধারিত হয়। ভারতের দুই সংসদে ৭৭৬ জন সাংসদ ও চার হাজার ১২০ জন বিধায়ক মিলিয়ে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা ও বিধানসভার ভোটমূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ৯৮ হাজার ৮৮২। নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে পেতে হবে ন্যূনতম পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৭৪৭ ঘ.