মাজার-ই-শরিফ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানদের পেতে রাখা বোমায় ন্যাটো সেনাদের জন্য জ্বালানি ও রসদবাহী ২২ টি ট্রাক বিধ্বস্ত হয়েছে।
হামলার সময় ন্যাটোর ১৮ টি জ্বলানি ও ৪ টি রসদবাহী ট্রাক সামানগান প্রদেশের রাজধানী আইবাক এ পার্ক করা ছিল।
পার্ক করা একটি ট্রাকের নিচেই বোমাটি পাতা ছিল বলে জানিয়েছেন এক গোয়েন্দা কর্মকর্তা। বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে তালেবানরা জানিয়েছে “রাত ২টায় মুজাহিদিনরা সম্রাজ্যবাদী ন্যাটো ট্রাকে হামলা চালিয়েছে।”
উত্তর আফগানিস্তানে তালেবানদের এ ধরনের হামলা এটাই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভোরের আগে হামলা হওয়ার কারণে এলাকাটিতে খুব বেশি লোকজন না থাকায় বেশি মানুষ নিহত হয়নি।
ট্রাকগুলো উজবেকিস্তান থেকে ন্যাটো সেনাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলে যায়।
এই সামানগান প্রদেশেই শনিবার তালেবান বিরোধী আইনজীবী আহমেদ খান সামানগানি’র মেয়ের বিয়েতে আত্মঘাতী বোমা হামলায় তিনিসহ আরো ২২ জন অতিথি নিহত হন।
সামানগান পুলিশ প্রধান খালিদ আনদারাবি রয়টার্সকে বলেছেন, “হামলায় ১৮ টি ট্রাক পুরোপুরি বিধ্বস্ত এবং বাকীগুলো আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।”
অন্যদিকে, পাশের প্রদেশ বাঘলান থেকে তালেবান সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে তথাকথিত ম্যাগনেটিক বোমা পাওয়া গেছে যেগুলো তারা রসদবাহী ট্রাকে লাগানোর চেষ্টা করছিল।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহে ব্যবহৃত রাস্তা বন্ধ করে দেয় পাকিস্তান। স¤প্রতি ওই রাস্তা আবার খুলে দেওয়া হলেও এখনো সেখান দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২২ঘ.
bdnews24