বৈরুত, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের ‘জাতীয় নিরাপত্তা’ দপ্তরে বুধবার আত্মঘাতী বোমা হামলায় প্রতিরক্ষামন্ত্রী দাউদ রাজিহাসহ প্রেসিডেন্ট বাশার আল আসাদের শ্যালক ও উপ প্রতিরক্ষামন্ত্রী আসেফ শওকত নিহত হয়েছেন।
সঙ্কট ব্যবস্থাপনা দপ্তর প্রধান হাসান তুর্কোমানিও হামলায় নিহত হন। ‘সন্ত্রাসী বোমা’ হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। গুরুতর আহত হয়েছেন জাতীয় নিরাপত্তা প্রধানসহ স্বরাষ্ট্রমন্ত্রীও।
তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ফাহাদ জসিম আল- ফ্রেইজ।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) এবং একটি জিহাদি গ্র“প ‘লর্ড অফ দ্য মার্টার্স ব্রিগেড’ হামলার দায় স্বীকার করেছে।
দামেস্কের রাওডা এলাকায় ‘জাতীয় নিরাপত্তা’ ভবনের ওই দপ্তরে রয়েছে দেশের প্রধান একটি গোয়েন্দা শাখা। মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক চলাকালে সেখানে হামলা হয়।
এ হামলার কয়েকঘন্টা পরই প্রেসিডেন্ট প্রাসাদ রক্ষায় নিয়োজিত একটি সেনা ঘাঁটির কাছে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে সিরিয়ার তথ্যমন্ত্রী এ খবর অস্বীকার করেছেন।
দামেস্কে তীব্র লড়াইয়ের মধ্যে বিদ্রোহীদের সর্বাত্মক হামলা শুরুর দাবির পর নিরাপত্তা দপ্তরে বোমা হামলা ঘটল। তবে বিদ্রোহীদের এ দাবি নাকচ করেছে সিরিয়া সরকার।
রাষ্ট্রীয় টিভি’র খবরে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা ভবন লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো বোমা হামলায় প্রাতিরক্ষামন্ত্রী মারা গেছেন।”
এতে আরো বলা হয়, “মন্ত্রী ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধানদের বৈঠকের সময় এ হামলায় আহতদের মধ্যে রয়েছেন জাতীয় নিরাপত্তা ব্যুরোর পরিচালক হিশাম ইখতিয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল-সার।”
হামলাস্থলের আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানিয়েছে এলাকার অধিবাসীরা।
নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, সন্দেহভাজন হামলাকারী প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠজনদের দেহরক্ষী হিসাবে কাজ করত।
জেনারেল রাজিহা এক বছরেরও কম সময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এর আগে তিনি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন। বিক্ষোভকারীদের দমনপীড়নে রাজিহার ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ছিলেন তিনি।
জেনারেল শওকতকেও শীর্ষ নিরাপত্তা প্রধান বলেই গণ্য করা হত। শাসকগোষ্ঠীর অভ্যন্তরীন পরিমন্ডলের একজন ছিলেন তিনি।
হামলার পরপরই টিভিতে পড়ে শোনানো সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার পর সিরিয়া আগের চেয়ে আরো দৃঢ়সংকল্প নিয়ে ‘সন্ত্রাস’ মোকাবেলা এবং ‘অপরাধী চক্র’ নির্মূল করবে।
ওদিকে, বিদ্রোহী পক্ষ এ হামলার পর জয়ের নেশায় আরো উব্দুদ্ধ হয়েছে। জয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যুতে তারা সহজেই এ লক্ষ্য হাসিল করতে পারবে বলেই মনে করছে।
সিরিয়ায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটকে সামনে রেখে চীন ও রাশিয়াকে এ ব্যাপারে রাজি করানোর চেষ্টার মধ্যেই দামেস্কে এ হামলা হল।
জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান ইতোমধ্যেই মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ওদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৈঠক করেছেন বেইজিং এ চীনের নেতা হু জিনতাও এর সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫০ঘ
bdnews24