সিওল, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ‘মার্শাল’র জন্য দেশটির নেতা কিম জং-য়ুনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার এ সিদ্ধান্ত গ্রহণের পর বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে তা জানানো হয়। এর মধ্যদিয়ে সেনাবাহিনীর সম্পূর্ণ কর্তৃত্ত্ব গ্রহণ করলেন য়ুন।
রোববার দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ পদের অধিকারী ভাইস মার্শাল রিম ইয়ং-হোকে অপসারণ করা হয়।
গত ডিসেম্বরে পিতা কিম জং-ইলের মৃত্যুর পর থেকে য়ুন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রধান ও ন্যাশনাল ডিফেন্স কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন। নতুন এ সিদ্ধান্তে তার পদোন্নতি ঘটল।
জং ইলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সাবেক সামরিক প্রধান হো।
২০ বছর বয়সী য়ুন দেশটির শীর্ষ নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করতে খুব ধীরস্থির ভাবে কাজ করেছেন। এক্ষেত্রে তিনি তার দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম দ্বিতীয়-সুংকে অনুসরণ করেন।
দেশটির শাশ্বত নেতা হিসেবে এখন সুংকে স্মরণ করা হয়।
১৯৯০-এর দশকে কিম জং-ইলের শাসনামলে দেশটিতে দুর্ভিক্ষ দেখা দেয় এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি অর্থনৈতিক হুমকির মুখে পড়ে। এছাড়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালানোয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিকে প্রায় বিচ্ছিন্নও করে রাখা হয়েছিলো।
পিতার মৃত্যুর পর ক্ষমতায় বসে দেশটিতে ইতিবাচক পরিবর্তন ঘটিয়েছেন য়ুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৬ ঘ.
bdnews24