২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআইয়ে রাজনৈতিক শাখা অবৈধ

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) অধীনে কোনো রাজনৈতিক শাখার অস্তিত্ব থাকলে তাকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 05:23 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) অধীনে কোনো রাজনৈতিক শাখার অস্তিত্ব থাকলে তাকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার আলোচিত আসগর খান মামলার শুনানিকালে আইএসআইতে কোন রাজনৈতিক শাখার অস্তিত্বের বিষয়ে সরকারের পক্ষ কোন তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী এ আদেশ দেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট রাজনৈতিক শাখাকে ‘ভয়েড এব ইনিশিও’ বা শুরু থেকেই অবৈধ বলে ঘোষণা করেন। ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে আইএসআইর প্রত্যক্ষ প্রভাব খাটানোর বিষয়ে একটি পিটিশন দায়ের করেন তৎকালীন এয়ার ভাইস মার্শাল আসগার খান। প্রতিবেদনে বলা হয়, এ মামলার শুনানি চলাকালে আদালতের বার বার আদেশ সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল সম্ভবত ১৯৭৫ সালের মে মাসে স্থাপিত আইএসআইয়ের রাজনৈতিক শাখা চালুর বিজ্ঞপ্তি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ৩১ জুলাই দেওয়া রায় অনুযায়ী এধরনের কোনো শাখার অস্তিত্ব থাকা অবৈধ বলে গণ্য হবে বলে প্রধান বিচারপতি মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী দেখতে চায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিচার বিভাগ চায় একটি প্রতিষ্ঠান হিসেবে পাকিস্তানের সেনাবাহিনী স্থিতিশীল হোক। তবে, শুধুমাত্র সংবিধানেরই সর্বোচ্চ কর্তৃত্ব থাকবে। প্রধান বিচারপতি বলেন, এটা প্রমাণিত যে আইএসআইয়ের মাধ্যমে অর্থ বিতরণ করা হয়েছিল। জাতীয় সম্পদ ব্যবহার করে সরকারকে ধ্বংস করার কারো অধিকার নেই। প্রতিবেদনে বলা হয়, আইএসআইতে রাজনৈতিক শাখা স্থাপনের বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি আদালতের সামনে হাজির করতে আবারো ব্যর্থ হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। প্রতিরক্ষা ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নার্গিস শেঠি আদালতকে বলেন, তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে অনুসন্ধান চালালেও তার মন্ত্রণালয়ের জারি করা ওই বিজ্ঞপ্তি খুঁজে পাননি। তিনি আদালতকে বলেন, ৩৮ বছর আগের পুরনো ওই নথি খুঁজে পাওয়া সহজ কাজ নয়। তবে এটার আরো অনুসন্ধানে তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দেবেন বলে তিনি জানান। ১৯৯৬ সালে পাকিস্তানের এয়ার ভাইস-মার্শাল আসগর খান তৎকালীন প্রধান বিচারপতি নাসিম হাসান শাহের কাছে দেওয়া এক চিঠিতে সাবেক সেনাপ্রধান জেনারেল মীর্জা আসলাম বেগ, সাবেক আইএসআই প্রধান লে. জেনারেল আসাদ দুররানী ও হাবিব ও মেহরান ব্যাংকের ইউনুস হাবিবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থ বিতরণ ও অপব্যবহারে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। আসগর খানের ওই পিটিশনের ভিত্তিতে আসাদ দুররানি সর্বোচ্চ আদালতের কাছে এ মর্মে এফিডেভিড দেন যে, ১৯৯০ সালের অক্টোবরের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে পাকিস্তান পিপলস পার্টির বিরোধী প্রার্থীদেরকে ১৪ কোটি পাকিস্তানি রুপি দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। এবছরের ২৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আসগর খান মামলার শুনানি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/২৩১৬ ঘ.