২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে পরমাণু বিদ্যুতের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ

জাপানের রাজধানী টোকিও’তে পরমাণু বিদ্যুতের বিরুদ্ধে বিক্ষোভ করেছে লক্ষাধিক মানুষ। এতে ইতোমধ্যেই জনরোষের মুখে থাকা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার ওপর চাপ আরো বাড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

টোকিও, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের রাজধানী টোকিও’তে পরমাণু বিদ্যুতের বিরুদ্ধে বিক্ষোভ করেছে লক্ষাধিক মানুষ। এতে ইতোমধ্যেই জনরোষের মুখে থাকা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার ওপর চাপ আরো বাড়ল। জাপানে গত বছর ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বিপর্যয় ঘটে। এ ঘটনায় পরমাণু বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ দেখা দেয়। পরমাণু বিপর্যয়ের আতঙ্ক যে এখনো কাটেনি রাজপথে পরমাণু জ্বালানির বিরুদ্ধে সোমবার লক্ষাধিক মানুষের এ বিক্ষোভ তারই বহিঃপ্রকাশ। জনরোষের মুখে জাপান একে একে সব পরমাণু চুল্লি বন্ধ করে দিলেও দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী নোদা গত মাসে আবার নতুন করে দুটো চুল্লি চালুর সিদ্ধান্ত নেন। তার এ পদক্ষেপের পর জাপানে সোমবারই পরমাণু-জ্বালানি বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হল। বিক্ষোভে ১ লাখ ৭০ হাজার মানুষ সামিল হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে করে টোকিওর মূল রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৮ঘ.