বৈরুত, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের কয়েকটি এলাকায় মোতায়েন হয়েছে সাঁজোয়া যান। বিদ্রোহী বাহিনী ও সরকারি সেনাদের মধ্যকার সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।
দামেস্কের দক্ষিণাঞ্চলীয় এলাকা মিদানে সাঁজোয়া যান টহল দিচ্ছে। ভবনের ছাদগুলোতে অবস্থান নিয়েছে গুপ্ত বন্দুকধারীরা।
সিরিয়ায় ১৬ মাসের আন্দোলন-বিক্ষোভে রাজধানীতে এটাই সবচেয়ে বেশি সামরিক যান ও সেনা সমাবেশ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
মিদানের এক অধিবাসী বলেছেন, “পাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সেনারা প্রবেশ করেছে এবং এ মুহুর্তে সেখানে সত্যিই যুদ্ধ চলছে।”
সোমবার ভোররাতে দামেস্কয় সরকারী বাহিনীর ওপর তীব্র আক্রমণ চালিয়েছে বিদ্রোহীরা। হামলার পর সরকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ লড়াই শুরু হয় যাকে স্থানীয়রা এ যাবৎ সবচেয়ে তীব্র লড়াই বলছেন।
হামলার পর থেকে দু’পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। লড়াইয়ে অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
দামেস্কে এমন এক সময় এ সংঘর্ষ চলছে যখন দুই দিনের সফরে জাতিসংঘের শান্তি দূত কফি আনান মস্কোয় গেছেন।
সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন যিনি পশ্চিমা বিশ্বের আহ্বানে আসাদের ওপর চাপ প্রয়োগের বিরোধী।
ওদিকে, আনানের সঙ্গে পুতিনের বৈঠকের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন সিরিয়া পরিস্থিতির বিষয়ে দেশ তার অবস্থান পরিবর্তন করবে না।
ল্যাভরভ বলেন, সিরিয়ার ওপর অবরোধ আরোপের জন্য মস্কোর সমর্থন পেতে পশ্চিমা বিশ্বের প্রচেষ্টা ‘প্রবঞ্চনামূলক’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৪ঘ.
bdnews24