ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে ছোড়া গুলিতে একটি ছোট মাছ ধরা নৌকার এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার উপসাগরটির দক্ষিণে আরব আমিরাতের দুবাই উপকূলের অদূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন ও দ্য টাইমস অব ইন্ডিয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিনচালিত নৌকাটি মার্কিন নৌবাহিনীর জ্বালানি সরবরাহ জাহাজ ইউএসএনএস রাপ্পাহান্নক থেকে দেওয়া সতর্ক সঙ্কেত উপেক্ষা করে জাহাজটির দিকে এগিয়ে আসছিল। এটিকে হুমকি বিবেচনা করে জাহাজে থাকা নাবিকরা নৌকাটি লক্ষ করে গুলিবর্ষণ করে।
আরব আমিরাতের এক কর্মকর্তা জানিয়েছেন, একজন ভারতীয় জেলে নিহত হয়েছেন ও আরো তিনজন আহত হয়েছেন।
আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তারেক আহমেদ আল হাদিন বলেছেন, “সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাটির তদন্ত করছে।”
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম নৌবহরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শেষ ব্যবস্থা হিসেবে জাহাজটির নিরাপত্তারক্ষীরা গুলি করতে বাধ্য হয়েছে। দশমিক ৫ শূন্য ক্যালিবারের একটি মেশিগান থেকে গুলিবর্ষণ করা হয়েছে।
উপসাগরে মোতায়েন পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে।
হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানি হুমকীর মুখে উপসাগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পারস্য উপসাগেের ক বের হওয়ার একমাত্র প সরু ওই প্রণালী। ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে রোববার আবারো প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
এরপর উপসাগরে মোতায়েন শক্তি আরো বৃদ্ধি করা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বে রপ্তানিকৃত জ্বালানি তেলের ২০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে এই হরমুজ প্রণালী দিয়ে অপরাপর দেশে যায়।
মাছ ধরা নৌকাটি ৩০ ফুট লম্বা একটি বেসামরিক যান। সাদা পালের নৌকাটির বাইরে লাগানো তিনটি ইঞ্জিন দিয়ে এটি চালানো হতো। ঘটনার পর দুবাই বন্দরে জেলেদের ব্যবহৃত একটি ডকে নৌকাটি রাখা হয়েছে। আরব আমিরাতের পুলিশ ও কর্মকর্তারা নৌকাটিতে তল¬াশি চালাচ্ছেন।
তবে নৌকাটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৫৭ ঘ.
bdnews24