ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার সংঘাতকে ‘গৃহযুদ্ধ’ বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। দামেস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইবিক্ষুব্ধ পরিস্থিতিতে রেডক্রস এ ঘোষণা দিল।
এতে করে সিরিয়াজুড়ে আন্তর্জাতিক মানবিক আইন প্রযোজ্য হওয়াসহ যুদ্ধাপরাধের বিচারের পথ সুগম হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। রোববার জেনেভায় ওই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে আল জাজিরা অনলাইন।
রেডক্রসের মুখপাত্র হিচাম হাসান বলেন, “আমরা এখন দেশটিতে চলমান সশস্ত্র সংঘাত নিয়ে কথা বলছি, যা আন্তর্জাতিক পরিমন্ডলের নয়।”
রেডক্রস কমিটি এর আগে সিরিয়ার ইদলিব, হোমস এবং হামায় সংঘাত চলার কথা জানিয়েছিল। কিন্তু এখন তা সারা দেশে ছড়িয়ে পড়ছে বলেই পরিস্থিতির সর্বশেষ মূল্যায়নে জানিয়েছেন হাসান।
“দেশটির বিভিন্ন জায়গায় হিংসাত্মক হানাহানি ছড়িয়ে পড়েছে। যে যে এলাকায় এ ধরনের হানাহানি চলছে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রযোজ্য”, বলেন তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে হাসান বলেন, এর মানে হচ্ছে, সিরিয়ার এ সংঘাতে যারা বেসামরিক নাগরিকদের ওপর খুন, নির্যাতন, ধর্ষণ, হামলা চালানোসহ বেসামরিক এলাকায় অসম শক্তি ব্যবহার করবে কিংবা তা করার নির্দেশ দেবে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের দায়ে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা যাবে।
রেডক্রসের কোনো বিবৃতি ছাড়াও সিরিয়ার দায়ী ব্যক্তিদের যুদ্ধাপরাধের বিচার সম্ভব। কিন্তু রেডক্রস প্রকাশ্যে সিরিয়া সংঘাতকে গৃহযুদ্ধ ঘোষণা করায় যুদ্ধাপরাধের বিচারে তা বিশেষ ভূমিকা রাখবে। বিচারের যুক্তিতর্কে সিরিয়া যুদ্ধাবস্থায় আছে তা প্রমাণ করা এর মধ্য দিয়ে সহজ হবে- যা যুদ্ধাপরাধ মামলার পূর্বশর্ত।
সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জোস লকম্যান বলেন, রেডক্রসের ঘোষণা মাঠপর্যায়ে উল্লেখযোগ্য কোনো ফল বয়ে না আনলেও দীর্ঘমেয়াদে এর গুরুত্ব অপরিসীম।
কারণ, আন্তর্জাতিক আইন প্রয়োগের মধ্য দিয়ে সিরিয়ায় হত্যাযজ্ঞসহ মানবাধিকারের অপব্যবহারের যে কোনো ঘটনায় সরকারের উপর মহলের কর্মকর্তাদেরকে তাদের অপকর্মের ভয়াবহতা অনুযায়ী দায়ী করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৪১ঘ.
bdnews24