ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও টরি রাজনীতিবিদ বোরিস জনসনের মতো জীবনযাপন করতে পাকিস্তানের নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ।
লাহোরে উচ্চ আদালতে করা এক আবেদনে তিনি এ অনুরোধ জানান বলে দ্য ডেইলি টেলিগ্রাফ সংবাদপত্র জানিয়েছে।
হাফিজ সাইদকে ২০০৮ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আবেদনে সাইদ জানান, পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিরা যখন সরকারী বাসভবনে রাজা ও রাজপুত্রের মতো জীবন কাটাচ্ছে, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী বসবাস করছেন চার কামরার একটি ফ্ল্যাটে।
সাইদের মতে, এটাই হলো সত্যিকারের ইসলামকে অনুসরণ, এটাই হলো নবীজির সুন্নাহকে অনুসরণ।
তিনি আরো জানান, সম্প্রতি সরকারের অর্থায়নে ব্যক্তি মালিকানাধীন এক বিমানে ব্রিটেন সফর করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
গত মাসে নির্বাচিত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ইসলামাবাদে নিজের বাড়িতে একটি হেলিপ্যাড নির্মাণ করেছেন বলেও খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাই হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী হাফিজকে ধরিয়ে দিতে চলতি বছরের এপ্রিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৩ ঘ.
bdnews24