কায়রো, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার ইসরায়েল সফরকালে মিশর, ইরান, সিরিয়া এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে তিনি প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন।
হিলারি বলেন, মধ্যপ্রাচ্যে পরিবর্তনের যে ঢেউ খেলে যাচ্ছে তার মুখোমুখি হতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একযোগে কাজ করে যাওয়ার কথা ভাবতে হবে।
পেরেজের সঙ্গে বৈঠকের আগে হিলারি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এভিগডর লিবারম্যানের সঙ্গেও বৈঠক করেন।
মিশর, সিরিয়া, ইরানের পরমাণু কর্মসূচি এবং ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনার পর সাংবাদিকদের তিনি বলেন, সময়টা অনিশ্চয়তার হলেও এখন সুযোগকে কাজে লাগানোর সময়। নিরাপত্তা, স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের অভিন্ন লক্ষ্যে অগ্রসর হওয়ার সুযোগ এখনই।
আমাদের মতো দুই বন্ধু দেশের একসঙ্গে ভাবনাচিন্তা করা এবং কাজ করার সময় এখনই, বলেন তিনি।
ইসরায়েল সফরের আগে মিশর সফর করেন হিলারি। রোববার মিশর সফরের দ্বিতীয় দিনে দেশটির সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাবির সঙ্গে সাক্ষাৎ করেন হিলারি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “দুই ঘণ্টারও বেশি সময়ের এ বৈঠকে তারা রাজনৈতিক পরিবর্তন এবং সামরিক পরিষদের সঙ্গে নব নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির চলমান বৈঠকের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নারী ও শিশুসহ মিশরের সকল জনগণের অধিকার রক্ষার গুরুত্বের ওপর জোর দেন।”
বৈঠকে তানতাবি মিশরের অর্থনৈতিক চাহিদা তুলে ধরেন। এছাড়া মার্কিন আর্থিক সহায়তা পরিকল্পনা নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে।
তানতাবি ও অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেক্সজান্দ্রিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন হিলারি ক্লিনটন। এসময় বিক্ষোভকারীরা তার গাড়িবহরকে লক্ষ করে জুতা, পানির বোতল ও টমেটো ছোঁড়ে।
তবে এতে হিলারি বা তার গাড়ির কোনো ক্ষতি হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান।
এরপর রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার জন্য ইসরায়েলে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/এলকিউ/২০০৬ ঘ.
bdnews24