২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় নতুন ভাইস মার্শাল নিয়োগ

উত্তর কোরিয়ার সেনাপ্রধান রি ইওঙ্গ হো’কে সব সরকারি পদ থেকে অপসারণের পর নতুন ভাইস-মার্শাল নিয়োগ করা হয়েছে হায়ন ইয়ং-চোল কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 04:30 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

উত্তর কোরিয়া, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়ার সেনাপ্রধান রি ইওঙ্গ হো’কে সব সরকারি পদ থেকে অপসারণের পর নতুন ভাইস-মার্শাল নিয়োগ করা হয়েছে হায়ন ইয়ং-চোল কে। রি ইওঙ্গ সেনাপ্রধানের পদ ছাড়াও তিনি দেশটির ‘কেন্দ্রিয় সামরিক কমিশনের’ ভাইস-চেয়ারম্যান ও ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির শীর্ষ পদে ছিলেন। শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে এ সবকটি পদ থেকেই তাকে সরিয়ে দেন নেতা কিম জং উন। এরপরই ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশন এবং দেশের জাতীয় প্রতিরক্ষা কমিশন ইয়ং-চোল কে নিয়োগের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে কেসিএনএ বার্তা সংস্থা। তবে তিনি রি এর কাছ থেকে সামরিক বাহিনীর শীর্ষ পদের দায়িত্ব নিচ্ছেন কিনা সে সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। ইয়ং চোল সম্পর্কেও বেশিকিছু জানা যায়নি। তিনি ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিটির সদস্যও। ২০১০ সালে তিনি জেনারেল হন। আর এখন সামরিক বাহিনীতে চার ভাইস মার্শালের একজন হলেন তিনি। অপসারিত হওয়া রি ও ভাইস মার্শাল ছিলেন। রি’র অপসারণের কারণ হিসেবে পার্টির দেওয়া বক্তব্যের বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উন সম্ভবত সেনাবাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করতে চাইছেন। আর সে কারণেই তিনি তার বাবার সময়কার রি কে সরিয়ে সেখানে অন্যজনকে বসাতে চেয়েছেন। সেনাবাহিনীর ওপর ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণেই রি কে সরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন আরেক বিশ্লেষক। রি কে অপসারণের ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া ওয়াকার্স পার্টি সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছিল, শারীরিক অসুস্থতা জনিত কারণে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। কিন্তু ওয়ার্কার্স পার্টি রি এর অসুস্থতার কথা বললেও মাত্র সপ্তাহখানেক আগেই তাকে কিম জং উনের দাদা কিম ইল সুং এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধানিবেদন করতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১২ঘ.