কায়রো, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিশরের সেনাবাহিনী এবং মুসলিম ব্রাদারহুডকে দেশে পূর্ণ গণতান্ত্রিক শাসনের উত্তরণ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
শনিবার মিশর সফরে যান হিলারি। কায়রোয় নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে বৈঠক করেন তিনি। সফরের দ্বিতীয় দিনে সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ির সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।
মুরসির সঙ্গে বৈঠকের পর হিলারি বলেন, তিনি চান মিশরের রাজনৈতিক বিভিন্ন পক্ষ একটি সমঝোতায় আসুক যাতে করে দেশে প্রকৃত অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে পারে। আর সেনাবাহিনী পুরোপুরি দেশের নিরাপত্তার দায়িত্বে ফিরে যেতে পারে।
তবে তা কি করে অর্জন করা যাবে সে সিদ্ধান্ত মিশরীয়রাই নেবে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া, কি ধরনের খসড়া সংবিধান রচনা করতে হবে এবং নতুন পার্লামেন্ট নির্বাচন আহ্বান করতে হবে কিনা তা নির্ধারণ করাও মিশরীয়দের দায়িত্ব বলে উল্লেখ করেন হিলারি।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল অমরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণতন্ত্র কষ্টার্জিত। এর জন্য সংলাপ, আপোস এবং সত্যিকারের রাজনীতির প্রয়োজন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫০ঘ.
bdnews24