ত্রিপোলি, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফি জমানার পর লিবিয়ায় অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে যুদ্ধকালীন বিদ্রোহী প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিলের নেতৃত্বাধীন জোট বিশাল ব্যবধানে জয়ী হতে যাচ্ছে। বৃহস্পতিবার নির্বাচনের আংশিক ফলাফলে এই আভাস পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড সমর্থিত বিভিন্ন দল গণআন্দোলনের পর অন্যান্য আরব দেশগুলোতে ভালো ফলাফল অর্জন করলেও লিবিয়ায় তারা তেমন সুবিধা করতে পারেনি।
তিউনিসিয়া ও মিশরে মুসলিম ব্রাদারহুড সমর্থিত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে।
গত শনিবার অনুষ্ঠিত লিবিয়ার নির্বাচনী চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের আগে পাওয়া সম্ভব হবে না। কিন্তু ভোটের একটি বড় অংশ গণনার পর দেখা যাচ্ছে, জিব্রিলের নেতৃত্বাধীন জোট ত্রিপোলি, মরুময় দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় বেনগাজিতে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
লিবীয় রাজনৈতিক বিশ্লেষক নাসের আহদাস বলেন, “গাদ্দাফির জমানায় আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে লিবিয়ার যে দূরত্ব ছিল, ভোটাররা দেখেছেন জিব্রিলের ক্ষেত্রে ঠিক তার বিপরীত। আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে তার একটি স্বাভাবিক সম্পর্ক রয়েছে।”
পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জিব্রিল লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসন অবসানে তীব্র গণআন্দোলন ও গৃহযুদ্ধ চলাকালে পরিস্থিতির সামনে চলে আসেন।
তবে নির্বাচন সম্পর্কে মুসলিম ব্রাদারহুড সমর্থিত জাস্টিস অ্যান্ড কন্সট্রাকশন পার্টির কাছ থেকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায় নি।
ইসলামপন্থী গোষ্ঠী আল-ওয়াতান পার্টির মুখপাত্র আনাস আল ফেতরি বলেন, “আমরা আমাদের কর্মকাণ্ডের পুনর্মূল্যায়ন করবো যাতে করে আমরা সিদ্ধান্ত নিতে পারি কীভাবে একটি শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে আমরা দাঁড়াতে পারি।”
লিবিয়ার ৩৫ বছর বয়সী এক তেলশ্রমিক আয়মান আবুদা বলেন, “আমি তাকে (জিব্রিল) ভোট দিয়েছি। আমি আশাবাদী লিবিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল। ফলাফল বলছে, আমার সিদ্ধান্তই সঠিক।”
শনিবার ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপরই জিব্রিল মহাজোট সরকা গঠনের প্রতি সবাইকে আহ্বান জানিয়েছিলেন।
ওই সময় এক সংবাদ সম্মেলনে জিব্রিল বলেন, “একটা ব্যানারের আওতায় সবাই মিলে জোট করতে জাতীয় সংলাপের আহ্বান জানাচ্ছি আমরা। লিবিয়ায় বর্তমানে সক্রিয় সব রাজনৈতিক দলের প্রতিই এটা আমাদের আন্তরিক আহ্বান।
তিনি এই নির্বাচনে “লিবিয়াই হলো প্রকৃত জয়ী” বলে মন্তব্য করেন।
দেশটিতে গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ চলাকালে পশ্চিমা রাষ্ট্রগুলো সমর্থিত বিদ্রোহীদের জাতীয় অর্র্ন্তবতী পরিষদের (এনটিসি) অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন ইংরেজিভাষী জিব্রিল।
লিবিয়ার এই নির্বাচনের মাধ্যমে ২শ’ সদস্যের অস্থায়ী একটি সাধারণ পরিষদ গঠন করা হবে। এর কাজ হবে প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে মন্ত্রিসভা গঠন করা ও দেশটির সংবিধান প্রণয়ন করা।
নির্বাচনে ২৮ লাখ তালিকাভুক্ত ভোটারের মধ্যে প্রায় ১৮ লাখ ভোটার ভোট দিয়েছেন। সারা দেশে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৮ ঘ.
bdnews24