২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত শতাধিক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি পেট্রোলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে বৃহস্পতিবার ১শ’রও বেশি মানুষ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নাইজার ডেলটা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি পেট্রোলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে বৃহস্পতিবার ১শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। নাইজার ডেল্টা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীরা তেল সংগ্রহের চেষ্টার সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি এ খবর জানায়। ওদিকে, সংবাদ সংস্থা রয়টার্স এ দুর্ঘটনায় ৯২ নিহত হয়েছে বলে জানিয়েছে। বিবিসি সংবাদদাতা ইমেকা ইদিকা জানান, প্রায় ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। কারণ পাশের ওকোকবি গ্রামের কয়েকজনের দেহে আগুন লাগার পর তারা নিকটবর্তী ঝোপের দিকে দৌড়ে যায়। এখনো তাদের খোঁজ মেলেনি। বিবিসি‘র অন্য এক সংবাদদাতা ওলুচি ইয়োহা চিমেজি বলেছেন, তিনি গুণে দেখেছেন ১০০ টির বেশি মৃতদেহ আছে। গত দশকে নাইজেরিয়ায় তেল সংগ্রহ করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনায় শতশত লোক মারা গেছে। নাইজেরিয়া বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও দেশটির লাখ লাখ লোক দরিদ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৯ঘ.