মস্কো, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সঙ্কটের সমাধান না হওয়া পর্যন্ত সিরিয়ায় নতুন করে কোনো অস্ত্র সরবরাহ করবে না রাশিয়া। রাশিয়ার অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণকারী সরকারী এক প্রতিষ্ঠানের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সোমবার একথা জানিয়েছে ইন্টারফ্যাক্স।
যুক্তরাজ্যের ফার্নবুর্গ বিমান প্রদর্শনীতে উপস্থিত রুশ কর্মকর্তা ভিয়াচেস্লাভ জিরকালান সাংবাদিকদের বলেন, “অস্থিরতা বিরাজ করার কারণে সিরিয়ায় নতুন কোনো অস্ত্র সরবরাহ করা হবে না।”
জিরকালান রাশিয়ার ‘ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশন’ এর উপপরিচালক।
জিরকালানের কথা সত্যি হলে এটি হবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশ থেকে সরে আসার পথে এ পর্যন্ত রাশিয়ার সবচেয়ে জোড়ালো পদক্ষেপ। কেননা সিরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে রক্ষা করে আসছে রাশিয়া। নিষেধাজ্ঞা প্রস্তাবগুলোর মধ্যে সিরিয়ায় অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞাই মূল প্রস্তাব।
রাশিয়ার এ সিদ্ধান্তে সিরিয়ায় চারশ’ কোটি ডলারের অস্ত্র সরবরাহের চুক্তিও স্থগিত হয়ে যেতে পারে। যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহের ওই চুক্তি চলতি বছরই বাস্তবায়ন করা হবে বলে ধারণা করা হচ্ছিল।
তবে জিরকালানের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র উপপ্রধান পরিচালকের বক্তব্য সঠিক কিনা তা নিশ্চিত করতে পারেন নি বলে জানিয়েছে রয়টার্স।
ওয়াশিংটন থেকে হোয়াইট হাউজের মুখপাত্র ইরিন পেল্টন বলেছেন, ‘সত্যি হলে এটি একটি ভালো অগ্রগতি হবে।”
সিরিয়া-রাশিয়া অস্ত্র ব্যবসা বিশেষজ্ঞ রুশলান আলিয়েভ জানিয়েছেন, আসাদ থেকে মস্কো ইতোমধ্যে অনেকটা সরে এসেছে।
“রাশিয়া সিরিয়ার সঙ্গে নতুন চুক্তি সই করা বন্ধ রেখেছে এবং ইতোমধ্যে সই হওয়া চুক্তিগুলোর সরবরাহে সময় ক্ষেপণ করছে,” বলেন তিনি।
সোভিয়েত আমল থেকেই সিরিয়ার সঙ্গে রাশিয়ার অস্ত্র ব্যবসা চলে আসছে। সোভিয়েত ইউনিয়নের গণ্ডির বাইরে দেশটির একমাত্র নৌ ঘাঁটিটি ছিল সিরিয়ায়। এই ঘাঁটি থেকে ভূমধ্যসাগরের সরবরাহ নিয়ন্ত্রণ ও মেরামত সুবিধা ভোগ করে রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৮ ঘ.
bdnews24