ওয়াশিংটন, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দাবদাহে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে।
তীব্র তাপমাত্রায় ফসল শুকানোর পাশাপাশি রেললাইন পর্যন্ত বাঁকা হয়ে গেছে।
তবে শুক্র ও শনিবার তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও রোববার তামপাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কানাডা থেকে শীতল হাওয়া দক্ষিণ দিকে প্রবাহিত হবে এবং সোমবারের মধ্যে মধ্যপশ্চিম ও মধ্য আটলান্টিক এলাকার অধিকাংশ স্থানে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
তবে এ সময় বজ্রসহ দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তারা।
এক সপ্তাহ আগে ঝড়ের পর বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর এখনো ওই অঞ্চলের অনেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর থাকায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরমে বয়স্ক মানুষরা মারা গেছেন বলে গণমাধ্যগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে।
অতিরিক্ত গরমে শিকাগোতে ১০ জন, পূর্বাঞ্চরীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় ১০ জন ও পার্শ্ববর্তী মেরিল্যান্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া, উইসকনসিন, ওহাইও ও পেনসিলভানিয়ায় ৩ জন করে এবং টেনিসিতে ২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ইন্ডিয়ানায় চারমাস বয়সী এক কন্যাশিশুকে ‘অনেক্ষণ’ বাড়ির আঙ্গিনায় রাখার ফলে সে মারা গেছে।
শনিবার ওয়াশিংটন ডিসি’তে তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি এবং মিসৌরির সেন্ট লুইসে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে পর্যটক জন ঘিয়ো রয়টার্সকে বলেন, “নরকের চেয়েও বেশি গরম।”এছাড়া ওয়াশিংটন ভ্রমণে যওয়া আরেক চীনা পর্যটক জিয়ো দুয়ান বলেছেন, “অসহনীয় গরম। আমার বাবা বলছিল, মনে হচ্ছে আমরা আগুনের হলকায় পুড়ে যাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এলকিউ/১৯৩৭ঘ.
bdnews24