২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-মার্কিন সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ: হিলারি

পাকিস্তান ন্যাটোর রসদ সরবরাহ রুট পুনরায় চালু করলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো প্রশ্নসাপেক্ষ এবং উত্তেজনাপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

টোকিও, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ন্যাটোর রসদ সরবরাহ রুট পুনরায় চালু করলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো প্রশ্নসাপেক্ষ এবং উত্তেজনাপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রোববার একথা বলেছেন। পাকিস্তান সীমান্তে গত বছর নভেম্বরে ন্যাটো বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের জেরে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর সেনাদের জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। হিলারি ক্লিনটন গত সপ্তাহে ওই ঘটনার জন্য পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার পর ইসলামাবাদ আবার ওই পথ চালু করে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে একটি সমস্যা দূর হয়েছে। কিন্তু অন্যান্য নানা বিষয়ে বিরোধের কারণে সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ। এর মধ্যে আছে জঙ্গিবিরোধী অভিযানে পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা। পাকিস্তান যুক্তরাষ্ট্র-বিরোধী জঙ্গিদের মদদ দিয়ে আসছে ওয়াশিংটনের এমন অভিযোগেও ইসলামাবাদ নারাজ। টোকিওয় আফগান সম্মেলনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে বৈঠকের এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, আমরা সম্প্রতিক বিরোধ দূর করতে পেরেছি। কিন্তু এখনো সম্পর্কে অনেক জটিলতা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৩ঘ.