টোকিও, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জাপানের টোকিও সম্মেলনে আফগানিস্তানকে ১ হাজার ৬শ’ কোটি ডলার উন্নয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতা দেশগুলো।
২০১৫ সাল পর্যন্ত ৪ বছরে আফগানিস্তানকে এ সহায়তা দেওয়া হবে।এর মধ্যে কেবল জাপানই দেবে ৩শ’কোটি ডলার। এছাড়াও, বড় অঙ্কের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য।
আফগানিস্তানের অর্থনীতি ব্যাপকভাবে অর্থনৈতিক উন্নয়ন ও সামরিক সহায়তার ওপর নির্ভরশীল। বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, দেশটির জিডিপির ৯৫ শতাংশেরও বেশি আসে অর্থ সাহায্য থেকে।
আফগান কেন্দ্রীয় ব্যাংক এর হিসাবমতে, আগামী দশকে আফগানিস্তানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিদেশি দাতাদের কাছ থেকে নতুন বিনিয়োগ হিসাবে বছরে অন্তত ৬শ’ কোটি ডলার প্রয়োজন।
আফগানিস্তান ব্যাপকমাত্রার দুর্নীতি মোকাবেলায় নতুন শর্তে রাজি হওয়ার পর টোকিও সম্মেলনে দেশটিকে ওই বিপুল অর্থ সহায়তা দেওয়ার এ প্রতিশ্রুতি এল। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই শক্ত হাতে দুর্নীতি দমনের অঙ্গীকার করেন।
৮০ টি দেশ এবং ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ আন্তর্জাতিক বহু সংগঠনের প্রতিনিধিরা টোকিওর আফগানিস্তান বিষয়ক সম্মেলনে অংশ নিয়েছেন। ২০১৪ সালে যুক্তরাজ্যে এর পরবর্তী আরেকটি বৈঠক করতে রাজি হয়েছেন দাতারা।
২০১৪ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান আবার বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ার আশঙ্কা আছে।
ভবিষ্যৎ ওই পরিস্থিতি থেকে আফগানিস্তানের সুরক্ষার চেষ্টায়ই টোকিওয় এ সম্মেলন করে দেশটিকে সহায়তার প্রতিশ্রুতি দেন নেতারা।
আফগানিস্তানে সব ক্ষেত্রেই অগ্রগতিতে এখনো গতি সঞ্চার হয়নি উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সামাজিক উন্নয়নসহ, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও অন্যান্য ক্ষেত্রে সুষ্ঠু পদক্ষেপ নিতে ব্যর্থতা নেতিবাচক ফল বয়ে আনবে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, গত ১০ বছর ধরে আফগানিস্তানে যে পরিবর্তন সূচিত হয়েছে তা অক্ষুন্ন রাখতে হলে সংস্কার কাজ জরুরি।
এর মধ্যে দুর্নীতি রোধ, শাসনব্যবস্থার উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, আফগান বিশেষত নারীদের জন্য আরো বেশি অর্থনৈতিক সুযোগ-সুবিধা লাভের ব্যবস্থা করার বিষয়টিতে নজর দেওয়া দরকার বলে উল্লেখ করেন হিলারি।
এর আগে হিলারি আফগানিস্তানকে বড় মাপের মিত্র দেশ হিসাবে ঘোষণা দিতে কাবুলে যান।
তিনি সেখানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানকে মিত্র দেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আফগাস্তিানকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই একা ছেড়ে যাবে না।
আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরো বেশি স্থিতিশীল হয়েছে বলেও হিলারি প্রসংশা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৭ঘ.
bdnews24