জাপান, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিপর্যয় আদতেই ‘মানবসৃষ্ট’। জাপানের পার্লামেন্টারি প্যানেল বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে।
(আরো তথ্যসহ)
এতে বলা হয়েছে, এ বিপর্যয় আগে থেকেই বোঝা সম্ভব ছিল। আর তা ঠেকানোও যেত। আরো কর্মতৎপরতার সঙ্গে ব্যবস্থা নিলে এর ক্ষতিকর প্রভাবও হত কম।
কিন্তু বিপর্যয় ঠেকাতে সরকার এবং পরমাণু কেন্দ্র পরিচালনা প্রতিষ্ঠান টেপকো কেউই যথাযথ ব্যবস্থা নেয়নি এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জবাবদিহি করার ব্যাপারেও অনীহা দেখা গেছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
ফুকুশিমা পরমাণু কেন্দ্রের তেজস্ক্রিয়তা বিপর্যয় মোকাবেলায় কর্তৃপক্ষের কার্যক্রম খতিয়ে দেখে ছয় মাস পর ৬৪১-পাতার এ প্রতিবেদন প্রকাশ করেছে পার্লামেন্টারি প্যানেল।
প্যানেলের ভাষ্য, ভূমিকম্প ও সুনামির পর এ বিপর্যয় ঘটলেও একে কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগ সৃষ্ট বলা যাবে না। কারণ, এক্ষেত্রে সরকার এবং পরমাণু কেন্দ্র পরিচালনা প্রতিষ্ঠানগুলোর অবহেলা রয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
তাছাড়া, এ বিপর্যয় সরকার, পরমাণু কেন্দ্র পরিচালনা প্রতিষ্ঠান ও টেপকোর দুস্কর্ম, কাজের সমন্বয় এবং কর্তৃত্বের অভাবের ফল বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
বলা হয়েছে, পরমাণু কেন্দ্র পরিচালনা প্রতিষ্ঠানগুলো বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিতে গড়িমসি করেছে। আর এর মধ্য দিয়ে তারা পরমাণু দুর্ঘটনা থেকে মানুষের নিরাপদ থাকার অধিকার লঙ্ঘন করেছে।
পরিস্থিতি পরবর্তীতে আরো খারাপের দিকে গড়িয়েছে, কারণ, সরকারি সংস্থাগুলো ঠিকভাবে কাজ করেনি। মূল ভূমিকাও সুস্পষ্ট ছিল না। উপরন্তু টেপকো এবং তৎকালীন প্রধানমন্ত্রী নাওতো কানের কার্যালয়ের মধ্যে যোগাযোগে ব্যর্থতাও এর আরেকটি কারণ।
ফুকুশিমা কেন্দ্রে দুর্ঘটনার পরও টেপকো চটজলদি ব্যবস্থা নেয়নি। চুল্লিগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কের প্রথম দিকে পরিস্কার কিছু জানাতেও চায়নি তারা।
টেপকোর আশু ব্যবস্থা নিতে দেরী দেখেও ‘নিউক্লিয়ার ইন্ডাসট্রিয়াল সেফটি এজেন্সি’ (এনআইএসএ) তাদেরকে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেয়নি। প্রসাশনিক পর্যায়ে যথাযথ চেইন অব কমান্ড না থাকায় বিপর্যয় মোকাবেলার কাজ বিঘিœত হয়েছে।
গত বছর ১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিকল হয়ে যায় চুল্লির শীতলীকরণ ব্যবস্থা। জ্বালানি রড গলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা।
তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়া অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার মানুষকে। চুল্লিগুলো নিয়ন্ত্রণে আনার বহু চেষ্টা করে র্ব্য হওয়ার পর গণদাবির মুখে সেগুলো বন্ধ করে দেওয়া হয়।
তবে দেশে বিদ্যুৎ চাহিদা মেটাতে স¤প্রতি আবার দু’টো পরমাণু চুল্লি চালু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৫৩ঘ.
bdnews24