ফ্রান্স, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে বাজেট ঘাটতি সামাল দিতে বড় বড় বিভিন্ন কোম্পানিসহ ধনীদের ওপর বিপুল করারোপ করছে সরকার।
২০১৭ সালের মধ্যে বাজেটে ভারসাম্য ফেরাতে বুধবার ফ্রান্সের নতুন স্যোশালিস্ট সরকারের ঘোষিত এ করের পরিমাণ ৭শ’ কোটিরও বেশি ইউরো।
সরকারের বর্ধিত করের আওতায় পারিবারিক কর দাঁড়াবে ৫৩ শতাংশে। এর বেশিরভাগই বর্তাবে ধনীদের ওপর। ব্যবসায়ীদেরকে দিতে হবে ৪৭ দশমিক ০ শতাংশ কর।
অন্যদিকে, সবচেয়ে সম্পদশালী এবং সর্বোচ্চ আয়ের লোকজনদের কর দাঁড়াবে ৭৩ দশমিক ০ শতাংশে।
বড় বড় ব্যাংক ও তেল কোম্পানিগুলোর ওপর ১শ কোটির বেশি ইউরোর বিশেষ কর ছাড়াও সম্পদের ওপর কর এ বছর ২শ’ কোটি ইউরোরও বেশি বাড়বে।
ফ্রান্সের সরকার এ বছর দেশের প্রবৃদ্ধির গতিশীলতা নিয়ে সংশয় প্রকাশ করে আগামী দিনগুলোতে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি এবং ঋণের বোঝায় জর্জরিত হওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়ার পর এ পরিকল্পনা ঘোষণা করল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৩১ঘ.
bdnews24