২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিমিষেই মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেবে ইরান!

আক্রান্ত হলে কয়েক মিনিটেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলকেও মুহূর্তের মধ্যে হামলার টার্গেট করা হবে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

দুবাই, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আক্রান্ত হলে কয়েক মিনিটেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলকেও মুহূর্তের মধ্যে হামলার টার্গেট করা হবে বলে জানিয়েছে তারা। রেভল্যুশনারী গার্ডস বাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার তৃতীয় দিনের মহড়ায় ইরান এ হুমকি দিল। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করতে শেষ অস্ত্র হিসাবে সামরিক ব্যবস্থাকে হাতে রেখেছে। এর জবাবেই সামরিক শক্তি জাহির করতে ইরান তিনদিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়া চালাচ্ছে। বুধবার মহড়ার শেষ দিনে ইরানের ‘রেভল্যুশনারী গার্ডস’ এর বিমান বাহিনীর কমান্ডার আমীর আলী হাজী জাদেহ ফার্স বার্তা সংস্থাকে বলেন, “মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের আয়ত্তের মধ্যে এবং অধিকৃত অঞ্চলগুলোও (ইসরায়েল) আমাদের জন্য সুবিধাজনক লক্ষ্যস্থল।” জাদেহ বলেন, “যুক্তরাষ্ট্রের ৩৫ টি ঘাঁটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আয়ত্তের মধ্যে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, এ সমস্ত ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যস্থলে আঘাত হানতে সক্ষম।” “হামলা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওই ঘাঁটিগুলো ধ্বংস করতে আমরা ঘাঁটি গেড়ে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ভেবেছি,” বলেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির সংখ্যাগত তথ্য হাজী জাদেহ কোথায় পেয়েছেন তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও তুরস্কে এবং আফগানিস্তান ও কিরগিজস্তানে প্রায় ১০ টি মার্কিন ঘাঁটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৬ঘ.