ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেরুতে কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে গৃহীত কঙ্গা খনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে তিনজন মারা গেছে।
দেশটির উত্তরাঞ্চলীয় সেলেনডিন শহরে কয়েকশ’ বিক্ষোভকারী সরকারি ভবনে হামলা চালালে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি নিউমন্টের অর্থায়নে গৃহীত এ প্রকল্পের কারণে পানি দূষণ ঘটবে ও পানির সরবরাহ নষ্ট হবে।
কলোরাডোর ডেনভারভিত্তক নিউমন্ট কোম্পানিটি কঙ্গার বেশিরভাগ প্রকল্পের কাজ করে থাকে।
নিউমন্ট মাইনিং করপোরেশন জানায়, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করেই পরিবেশগত সর্বোচ্চ মানদণ্ড অনুযায়ীই এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তারা আরো জানায়, কঙ্গার এ প্রকল্পের ফলে কয়েক হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে।
পেরুর প্রধানমন্ত্রী অস্কার ভালদেস জানান, এ অঞ্চলে সমাবেশের স্বাধীনতার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার।
গত বছর একই ধরনের বিক্ষোভে দেশটির কাজামারসা প্রদেশে জরুরি অবস্থা জারি করে সরকার। এরপর কোম্পানিটি সাময়িকভাবে তাদের কাজকর্ম স্থগিত করে।
পেরুর সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্র হলো খনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০০ ঘ.
bdnews24