২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিয়ানমারের মন্ত্রিসভায় পরিবর্তন আসন্ন’

মিয়ানমারের রাজনৈতিক সংস্কারে গতি আনতে মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। সংস্কার বিরোধী মন্ত্রীদের প্রভাব হ্রাস করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নেপিতো, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের রাজনৈতিক সংস্কারে গতি আনতে মন্ত্রিসভায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। সংস্কার বিরোধী মন্ত্রীদের প্রভাব হ্রাস করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হচ্ছে। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন আইনপ্রণেতা এ খবর জানিয়েছেন। এ সময় নতুন এক ভাইস প্রেসিডেন্টও নিয়োগ করা হতে পারে। বুধবার শুরু হতে যাওয়া পার্লামেন্টের আসন্ন অধিবেশনের সময় এ পরিবর্তন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৩৭ সদস্যের মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের দায়িত্ব হ্রাস করা হবে অথবা তাদের ওপর নতুন দায়িত্ব অর্পণ করা হবে বলে জানিয়েছেন ওই আইনপ্রণেতারা। পার্লামেন্টের উচ্চকক্ষের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এক আইনপ্রণেতা বলেন, “মন্ত্রিসভাকে আরো উদ্যমী ও গতিশীল করে তুলতে চান থিয়েন। সংস্কারের বিষয়ে নিস্পৃহ কয়েকজন রক্ষণশীল মন্ত্রীকে এ কারণে সরানো দরকার।” “কয়েকটি মন্ত্রণালয়কে একত্র করা হতে পারে, আর কয়েকটি মন্ত্রণালয়কে অন্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হতে পারে। ফলে কয়েকজন মন্ত্রী তাদের পদ হারাতে পারেন,” বলেন তিনি। মিয়ানমারের দুইজন ভাইস প্রেসিডেন্টের মধ্যে একজন জেনারেল (অব.) টিন অং মাইন্ট অও কে মন্ত্রিসভার কট্টরপন্থীদের নেতা বলে মনে করা হয়। ৩ মে তিনি ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগ পত্র গ্রহণ না করে তাকে তখন দুই মাসের ছুটি দিয়েছিলেন প্রেসিডেন্ট থিয়েন। এখন দুইমাস পর তার জায়গায় একজন সাবেক জেনারেল নতুন ভাইস প্রেসিডেন্ট হবেন বলে নিশ্চিত করেছেন ওই আইন প্রণেতারা। ১৯ জুন প্রেসিডেন্ট থিয়েন সংস্কারের দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণায় আগামী পাঁচ বছরের মধ্যে মিয়ানমারের অর্থনীতির আয়তন তিনগুণ করা ও পিছিয়ে পড়া দারিদ্র্য কবলিত রাজ্যগুলোকে আধুনিকায়ন করার প্রতিশ্র“তি ব্যক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪২ ঘ.