২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে নালিশের হুমকি আফগানিস্তানের

আফগানিস্তান অভিযোগ করেছে, তাদের ভূখণ্ডে পাকিস্তানি সেনাবাহিনী শত শত রকেট হামলা চালিয়েছে। বিষয়টি তারা ইসলামাবাদকে জানিয়েছে এবং এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করারও হুমকি দিয়েছে আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 05:25 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তান অভিযোগ করেছে, তাদের ভূখণ্ডে পাকিস্তানি সেনাবাহিনী শত শত রকেট হামলা চালিয়েছে। বিষয়টি তারা ইসলামাবাদকে জানিয়েছে এবং এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ করারও হুমকি দিয়েছে আফগানিস্তান। ইতোমধ্যে প্রতিবেশী এই দুই রাষ্ট্রের মধ্যে নানা সমস্যা দেখা দেওয়ার মধ্যেই আফগানিস্তান এ অভিযোগ তুলল বলে দ্য ডন সংবাদ মাধ্যম জানিয়েছে। কাবুল বরাবরই অভিযোগ করে, পাকিস্তানি সেনাবাহিনী সমর্থিত জঙ্গিরা যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। কিন্তু এ অভিযোগ সবসময়ই প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। কিন্তু এই প্রথমবারের মতো আফগানিস্তান সরাসরি পাকিস্তানকে তাদের সীমান্তবর্তী কুনার প্রদেশের বনভূমি অঞ্চলে শত শত রকেট হামলার জন্য দায়ী করেছে। তাদের দাবি মার্চ মাস থেকে চালানো রকেট হামলায় এরই মধ্যে চার বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে। তবে এ প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত আফগানিস্তানের এই অভিযোগ প্রসঙ্গে পাকিস্তানি কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া সম্ভব হয় নি। অবশ্য এর আগে পাকিস্তান কাবুলের বিরুদ্ধে অভিযোগ করেছিল, আফগানিস্তানে জঙ্গি ঘাঁটি নির্মূলে দেশটির যথেষ্ঠ পদক্ষেপ গ্রহণ করছে না। ওই সময় তারা বিশেষভাবে সীমান্তবর্তী কুনার প্রদেশের কথা উল্লেখ করেছিল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র শফিকুল্লাহ তাহেরি রয়টার্সকে বলেন, “আমাদের কাছে এখন এ বিষয়ে যথেষ্ঠ প্রমাণ রয়েছে যাতে নিশ্চিত হওয়া যায় যে, হামলায় যেসব রকেট ব্যবহার করা হয়েছে তা পাকিস্তানি সেনাবাহিনীর।” তিনি আরো বলেন, “পাকিস্তানের ইতিহাসে এ ধরনের ধৃষ্টতা দেখানোর ঘটনা ঘটেনি। কিন্তু তারা জানে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে না। তাই তারা নির্লজ্জভাবে আমাদের ওপর আক্রমণ চালিয়েছে।” আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফারামারাজ তামানা জানান, যদি এই হামলা অব্যাহত থাকে এবং আগামী কয়েকদিনে পাকিস্তানের দিক থেকে এর কোনো প্রতিকার না আসে তবে আফগানিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে। তিনি বলেন, “যদি কূটনৈতিক আলোচনা কোনো ইতিবাচক ফল বয়ে না আনে তবে বিষয়টি আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলব।” পাকিস্তান ও আফগানিস্তান উভয়রাষ্ট্রই এরআগে অভিযোগ করেছিল, কুনারে তালেবান জঙ্গিরা বিভিন্ন হামলা চালাচ্ছে। উভয় সীমান্তেই এই হামলা সংঘটিত হচ্ছে। পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা সোমবার অভিযোগ করেন, আফগান বাহিনী রোববার পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে একটি গ্রামে ঢুকে দুই আদিবাসীকে হত্যা করেছে। কিন্তু এরপর ওই গ্রামের অধিবাসীরা পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। বিশ্লেষকদের ধারণা, ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনা বাহিনী চলে যাওয়ার পর সমস্যাগ্রস্ত সীমান্তে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এখন থেকেই চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.