লন্ডন, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী কয়েকশ’ বছরেও সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি বন্ধ করা সম্ভব হবে না। তবে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধির হার হ্রাস করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
রোববার নেচার সাময়িকীতে প্রকাশিত জলবায়ু বিজ্ঞানীদের এক গবেষণা ফলাফলে এ কথা জানা গেছে।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য ‘গ্রিনহাউস গ্যাস’ দায়ী। ১৯৮০ থেকে ২০১০ সাল পর্যন্ত করা অনেকগুলো গবেষণায় দেখা গেছে, এ সময় বিশ্বের গড় তাপমাত্রা দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে হিমবাহ ও পর্বত শীর্ষের বরফ গলে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতি বছর সমুদ্র তলের উচ্চতা প্রায় ২ দশমিক ৩ মিলিমিটার হারে বৃদ্ধি পেয়েছে।
সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির কারণে বিশ্বের প্রায় ৭০ কোটি মানুষ মারাত্মক হুমকির মুখে রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মালদ্বীপ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোসহ অনেক নিচু ভূখন্ড সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে। বাংলাদেশেরও বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি শতাব্দীতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার জন্য বিশ্বের ১৮০টি দেশ একমত হয়েছে। এ লক্ষ্যে ২০২০ সাল থেকে দেশগুলো কার্বন ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
ভয়াবহ পরিস্থিতি এড়াতে ন্যূনতম এ পদক্ষেপ নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন বিজ্ঞানীরা।
কিন্তু গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনার আরো উচ্চাভিলাসী পরিকল্পনা বাস্তবায়ন করলেও সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি থামানো যাবে না। বর্ধিত তাপমাত্রার কারণে সমুদ্রের পানি স্ফীত হয়ে উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
তাপমাত্রার উষ্ণতা সমুদ্রের গভীর পর্যন্ত পানির বিভিন্ন স্তরকে উষ্ণ করে তুলবে। এতে পানির আয়তন বৃদ্ধি পাবে।
পরবর্তীতে বিশ্বের গড় তাপমাত্রা কমে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা হ্রাস পেলেও পানির ভিতরের উষ্ণতা থেকেই যাবে। আটকা পড়া উষ্ণতার কারণে সমুদ্রের আরো গভীর পানির স্তরগুলোতে তাপ ছড়িয়ে পড়বে। এতে ওই স্তরগুলোর আয়তনও বৃদ্ধি পাবে। ফলে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকবে।
আর বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে হিমবাহ ও পর্বত শীর্ষের বরফ গলা পানি এতে নতুন মাত্রা যোগ করবে।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক রিসার্চ’, যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ‘ক্লাইমেট সেন্ট্রাল’ এবং মেলবোর্নের ‘অস্ট্রেলিয়ান ওয়েদার এন্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার’ এর বিজ্ঞানীরা সম্মিলিতভাবে গবেষণাটি পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫০ ঘ.
bdnews24