ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়টি এফ-১৬ জঙ্গি বিমান পাঠিয়ে সিরিয়া সীমান্তে চড়াও হয়েছে তুরস্ক। সীমান্তবর্তী এলাকায় সিরিয়ার কয়েকটি হেলিকপ্টার চক্কর দেওয়ার পর এ বিমানগুলো পাঠায় তুরস্ক।
তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আকাশসীমা লঙ্ঘন না হলেও সিরিয়ার হেলিকপ্টার তিন তিন বার সীমান্তের কাছ দিয়ে উড়ে যাওয়ার জবাবে ওই এলাকায় ছয়টি জঙ্গি বিমান পাঠানো হয়েছে।
তুরস্কের হাতায় প্রদেশের কাছে দুবার সিরিয়ার হেলিকপ্টার চক্কর দেওয়ার পর শনিবার ইনসারলিক বিমান ঘাঁটি থেকে সেখানে পাঠানো হয় ৪ টি জঙ্গি বিমান।
এরপর মারদিন প্রদেশের কাছে সিরিয়ার হেলিকপ্টার চক্কর দিতে দেখার পর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ব্যাটম্যান ঘাঁটির কাছ থেকে আরো দুটো এফ-১৬ জঙ্গি বিমান ওই এলাকায় পাঠানো হয়।
সিরিয়ার হেলিকপ্টারগুলো সীমান্তের ৬ দশমিক ৫ কিলোমিটার কাছ দিয়ে উড়েছে বলে অভিযোগ করেছে তুরস্কের সেনাবাহিনী।
গত মাসে সিরীয় সেনাদের গোলায় তুর্কি বিমান ভূপাতিত হওয়ার পর সীমান্তে তুরস্কের নতুন করে জঙ্গি বিমান পাঠানোর ঘটনায় উত্তেজনা আরো বাড়ল।
সীমান্ত এলাকায় তুর্কি জঙ্গি বিমান বিধ্বস্তের পর থেকে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে।
এফ-৪ জঙ্গি বিমান ভূপাতিত করার জবাবে তুরস্ক ইতোমধ্যেই সিরিয়া সীমান্তে রকেট লাঞ্চার ও জঙ্গি বিমান বিধ্বংসী অস্ত্র মোতায়েন করার কথা জানিয়েছে।
সিরিয়ায় ১৬ মাস ধরে চলমান সরকার-বিরোধী গণঅভ্যুত্থানে সরকারের দমনাভিযানের তীব্র সমালোচনা করেছে তুরস্ক। সিরিয়ায় চলমান সহিংসতার কারণে ৩০ হাজারের বেশি শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ঘ.
bdnews24