২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলায় পাকিস্তানে ৮ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে রোববার যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানের হামলায় সন্দেভাজন আট জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

মিরানশাহ, পাকিস্তান, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে রোববার যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানের হামলায় সন্দেভাজন আট জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের শাওয়াল উপত্যকার একটি বাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে আছে এমন খবর ভিত্তিতে সেখানে হামলা করা হয়। স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, “বাড়িটি লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে আট জঙ্গি মারা যায়।” দূরবর্তী কোনো স্থান থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ড্রোন হামলা পরিচালনা করে। উত্তর ওয়াজিরিস্তানকে জঙ্গিদের আস্তানা বলে বিবেচনা করে সংস্থাটি। তাই এ অঞ্চলে ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে তারা। ড্রোন হামলায় জঙ্গি ছাড়াও বেসামরিক নাগরিক নিহত হওয়ায় ও কোনো অনুমতির তোয়াক্কা না করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালানোয় বিষয়টি নিয়ে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে। এসব হামলার কারণে পাকিস্তানি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবও বৃদ্ধি পেয়েছে। তবে ঘন ঘন ড্রোন হামলার কারণে ধারণা করা হচ্ছে, নিশ্চিত খবরের ভিত্তিতেই হামলা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কাবুলে বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায় হামলার জন্য হাক্কানী নেটওয়ার্ককে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। নেটওয়ার্কটি পাকিস্তান থেকে মদত পায় বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২৩২ ঘ.