জেনেভা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সহিংসতা বন্ধে একটি সাধারণ কৌশল প্রণয়নে শনিবার জেনেভায় বৈঠকে বসছে বিশ্বের ক্ষমতাধর দেশের পররাষ্ট্র মন্ত্রীরা। তবে পশ্চিমা দেশ ও রাশিয়ার মধ্যে যে পার্থক্য রয়েছে তা তাদেরকে এ উদ্যোগ গ্রহণে বাধা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ-আরব লিগের বিশেষ প্রতিনিধি কফি আনান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগে বাধ্য করতে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠায় আশাবাদী। এদিকে সিরিয়ার ওপর বাইরে থেকে কোনো কিছু ‘আরোপ’র বিরোধিতা করেছে দেশটির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া।
শুক্রবার সেন্ট পিটারসবার্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সারগেই লাভরোভ সাংবাদিকদের বলেন, “আগামীকাল জেনেভায় অনুষ্ঠিতব্য সম্মেলনে সাধারণ সমাধান খুঁজে বের করার সুযোগ রয়েছে আমাদের।”
পরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী গেনাডি গাতিলোভ তার টুইটারে বলেন, “আমাদের পশ্চিমা বন্ধুপ্রতীম দেশগুলো সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ার অবসান করতে চায়। তবে এটা সিরিয়ার নিজেদের বিষয়।”
সেন্ট পিটার্সবার্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “এখন অনেক বিষয়ে মতপার্থক্য রয়েছে।”
জেনেভার সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের (রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য) পাশাপাশি তুরস্ক, কুয়েত, কাতার ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি যোগ দেবেন।
সম্মেলনে সমর্থন আদায়ে আনান তার প্রস্তাব উত্থাপন করবেন। আনান যে জাতীয় ঐক্যের সরকার গঠনের পরিকল্পনা করেছেন তা আসাদকে পদত্যাগে বাধ্য করবে না বরং আহ্বান জানাবে।
কূটনীতিকরা জানান, শুরুতে রাজি থাকলেও বৃহস্পতিবার এ প্রস্তাব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে এতে কোনো সংশোধন আনতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করলেও পার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছেন তারা।
পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা জানিয়েছেন, আনানের প্রস্তাব পরিবর্তনে চাপ দিচ্ছে রাশিয়া। আর রাশিয়ার কূটনীতিকরা জানান, সিরিয়ার ওপর কোনো সমাধান ‘আরোপ’ করবে না তারা।
এদিকে শুক্রবারও সিরিয়ার অভ্যন্তরে লড়াই-সহিংসতা অব্যাহত ছিল। পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্তে উত্তেজনাও অব্যাহত রয়েছে।
সিরিয়া তুরস্কের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
সিরিয়ার বিদ্রোহীরা জানায়, উত্তরাঞ্চলীয় শহরে সিরিয়ার হেলিকপ্টার থেকে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া আলেপ্পো শহরের কাছাকাছি পৌঁছে গেছে ট্যাঙ্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৯ ঘ.
bdnews24