২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দীর্ঘ বিশ্রামে’ যাচ্ছে ভিঞ্চির আত্মপ্রতিকৃতি

লিওনার্দো দ্য ভিঞ্চির আত্মপ্রতিকৃতিটি ভয়াবহ জীর্ণ হয়ে গেছে। আর এটি পুনরুদ্ধারের সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে ছবিটি দর্শকদের জন্য প্রদর্শন করা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

রোম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিওনার্দো দ্য ভিঞ্চির আত্মপ্রতিকৃতিটি ভয়াবহ জীর্ণ হয়ে গেছে। আর এটি পুনরুদ্ধারের সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে ছবিটি দর্শকদের জন্য প্রদর্শন করা অনিশ্চিত হয়ে পড়েছে। পঞ্চদশ শতকে লিওনার্দোর হাতে আঁকা নিজের ছবিটি কয়েক সপ্তাহ ধরে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞরা। পরীক্ষার পরে তারা সিদ্ধান্তে পৌঁছান যে, ছবিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্রমেই এর অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে। তবে এটি পুনরুদ্ধারের যেকোনো পদক্ষেপ খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। রোমে এক সংবাদ সম্মেলনে উইন্ডসর ক্যাসেলের রয়েল লাইব্রেরিয়ান ও প্রিন্ট রুমের কিউরেটর জেইন রবার্টস এ তথ্য জানান। জেইন বলেন, অতি পরিচিত ও আত্মচিত্রটির কোনো কিছু করার আগে আমাদের ভালোভাবে ভাবতে হবে। তবে আমরা এর ব্যাপারে আরো বেশি জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি। রেনেসাঁ যুগের বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি ৬০ বছর বয়সের পর নিজের এ ছবিটি আঁকেন। ১৩ ইঞ্চি দৈর্ঘ ও সাড়ে ৮ ইঞ্চি প্রস্থের ছোট এ ছবিটিতে শিল্পীর বসে যাওয়া চোখ, ঘন ভ্র“ ও বড় দাড়ি স্পষ্ট করে আঁকা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কাগজের ওপর লাল চক দিয়ে আঁকা ছবিটি ‘ফক্সিং’র সমস্যায় পড়েছে। ফক্সিং হলো কাগজে বিভিন্ন ধরনের দাগ পড়ে যাওয়া। এর কারণ হতে পারে ব্যবহৃত চকের কালো হয়ে যাওয়া অথবা কাগজটিতে ছত্রাকের আক্রমণ। এসব দাগের ফলে ছবিতে লিওনার্দোর কপাল, নাকের আশেপাশে এবং ফোলা গালগুলো দেখে তার হাম রোগ হয়েছে বলে মনে হচ্ছে, জানান জেইন রবার্টস। ১৮৩৯ সালে স্যাভয়ের রাজা কার্লো আলবার্তো এ চিত্রকর্মটি দখল করেন এবং এর পরের ১০০ বছর এটি খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়। তবে ১৯২৯ সালে ছবিটি একটি ফ্রেমে আটকে সরাসরি সূর্যের আলোতে প্রদর্শনের জন্য রাখা হয়। তুরিনে একটি ভল্টে সংরক্ষিত এ ছবিটি গতবছর ইতালির পুনর্গঠনের ১৫০তম পূর্তি উপলক্ষ্যে দুর্লভ কিছু নির্দশন নিয়ে একটি প্রদর্শনীতে দুই মাস এটি প্রদর্শিত হয়। তবে এর পরের যেকোনো প্রদর্শনী খুবই সংক্ষিপ্ত সময় ও নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য আয়োজন করতে হবে, কারণ যেকোনো গুরুতর অসুস্থ প্রবীণের মতোই ছবির লিওনার্দোকেও এখন ‘লম্বা সময়ের জন্য বিশ্রামে’ যেতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৩৬ ঘ.