২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরান সমস্যা সমাধানে পশ্চিমা দেশগুলো আন্তরিক নয়’

ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পশ্চিমা দেশগুলো ‘যথেষ্ট আন্তরিক’ নয় বলে শুক্রবার অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত তেহরানের প্রতিনিধি মোহাম্মাদ খাজাঈ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 05:52 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নিউ ইয়র্ক, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পশ্চিমা দেশগুলো ‘যথেষ্ট আন্তরিক’ নয় বলে শুক্রবার অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত তেহরানের প্রতিনিধি মোহাম্মাদ খাজাঈ। ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে কারণেই হোক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি (পি ফাইভ প্লাস ওয়ান) সমস্যার সমাধান খোঁজার ব্যাপারে যে আন্তরিক নয় তা আমাদের কাছে স্পষ্ট। “আলোচনা যেভাবে হওয়া উচিত সেভাবে না হলে আবারো সব স্থগিত হয়ে যাবে।” তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছে, তারা আমাদের বিরুদ্ধে চাপ ও নিষেধাজ্ঞা বাড়াতে যাচ্ছে। এর অর্থ হলো তারা আমাদের সঙ্গে অর্থপূর্ণ সংলাপে বসতে আগ্রহী নয়।” পরমাণু কর্মসূচি নিয়ে বেশ কয়েক বছর ধরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের বিরোধ চলছে। ওই কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করলেও তা অস্বীকার করে আসছে ইরান। ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ ও ইরানের পরমাণু ক্ষেত্রে ইসরায়েলের বারবার হামলার হুমকির পর গত এপ্রিল মাসে ইরানের সঙ্গে আলোচনা হয়। দীর্ঘ ১৫ মাস পর দু’দফা আলোচনার পর মস্কোর সঙ্গেও আলোচনা হয়। নিষেধাজ্ঞা শিথিলকরণ ও দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে স্বাগত জানাতে বারবার অনুরোধ জানিয়ে আসছে ইরানের কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এসব দাবি মানছে না। খাজাঈ আবারো এ দাবি জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টনকে লেখা ইরানের পরমাণু বিষয়ক মুখ্য আলোচক সাইদ জলিলির চিঠির কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন খাজাঈ। চিঠিতে ‘অগঠনমূল কোনো পদক্ষেপ’ গ্রহণের বিরুদ্ধে লিখেছিলেন জলিলি। ১ জুলাই থেকে ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে ইইউ’র নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে। চলতি বছর ইরানের তেল রপ্তানি ৪০ ভাগ কমে গেছে বলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে। ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চারটি দেশ খসড়া এক প্রস্তাবে ইরানকে সব ধরনের পরমাণু সমৃদ্ধকরণের কাজ থেকে বিরত রাখার দাবি জানিয়ে আসছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে ইরান তার কর্মসূচি অব্যাহত রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৮ ঘ.