২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেস অবমাননায় অভিযুক্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল

একটি অভিযানের বিষয়ে নথি দিতে অস্বীকার করায় যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা এরিক হোল্ডারকে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করেছেন দেশটির আইনপ্রণেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 05:36 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ওয়াশিংটন, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অভিযানের বিষয়ে নথি দিতে অস্বীকার করায় যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা এরিক হোল্ডারকে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করেছেন দেশটির আইনপ্রণেতারা। বৃহস্পতিবার বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবটি ২৫৫-৬৭ ভোটে পাস হয়। এরিক হোল্ডারই প্রথম মার্কিন অ্যাটর্নি জেনারেল, যিনি দায়িত্বে থাকাকালে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত হলেন। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও হোয়াইট হাউজ এই প্রস্তাব পাসের সমালোচনা করে বলেছে, এটা রিপাবলিকানদের ‘রাজনৈতিক ভাওতা’। ডেমোক্রেটিক দলের ১০৮ জন সদস্য কংগ্রেসে এ প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নিতে অস্বীকার করেন। ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির নেতৃত্বে ক্ষমসীনদের কয়েকজন ওয়াকআউটও করেন। তবে শেষ পর্যন্ত ১৭ জন ডেমোক্র্যট সদস্যের ভোটও রিপাবলিকানদের প্রস্তাবের পক্ষে যোগ হয়। হোল্ডারকে ওই নথি দিতে বাধ্য করার জন্য ২৫৮-৯৫ ভোটে আরেকটি প্রস্তাব পাস করেছে কংগ্রেস। অ্যাটর্নি জেনারেলকে কেন নথি সরবরাহের আদেশ দেওয়া হবে না, আদালতের কাছে কংগ্রেস তা জানতে চাইবে। অবৈধ অস্ত্রের কোনবেচা বন্ধে ‘অপারেশন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নামে পরিচালিত একটি ‘ব্যর্থ’ অভিযানের বিষয়ে গত বছর কংগ্রেস নথি চাইলে তা দিতে অস্বীকার করেন অ্যাটর্নি জেনারেল হোল্ডার। এই অভিযানের অংশ হিসাবে অ্যারিজোনায় একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র কৌশলে কালোবাজারে বিক্রি করে মার্কিন এজেন্টরা। তাদের লক্ষ্য ছিল এসব অস্ত্রের ক্রেতাদের পিছু নিয়ে মোক্সিকোর মাদক ও অস্ত্রের মাফিয়াদের ডেরায় পৌঁছানো। কিন্তু অভিযানের এক পর্যায়ে বহু অস্ত্রের খোঁজ তারা হারিয়ে ফেলে, যেগুলো শেষ পর্যন্ত মেক্সিকোর মাদক কারবারিদের হাতেই গেছে বলে ধারণা করা হয়। এর মধ্যে দুটি অস্ত্র ২০১০ সালের ডিসেম্বরে মেক্সিকো সীমান্তের কাছে পাওয়া যায়, যেখানে যুক্তরাষ্ট্রের এক বর্ডার এজেন্ট খুন হন। ২০১০ সালে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নামের এই ব্যর্থ অভিযান শেষ হওয়ার পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে এ বিষয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কংগ্রেস কমিটি। কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার পর হোল্ডার এক বিবৃতিতে বলেন, “যখনই বিষয়টি জানতে পেরেছি, তখনই আমি তদন্তের নির্দেশ দিয়েছি। আমি কংগ্রেস কমিটির তদন্তের ব্যাপারেও সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু তারা তা নেননি।” অবমাননার অভিযোগ এনে ভোটাভুটির মাধ্যমে কংগ্রেস ‘একটি অপ্রয়োজনীয় আইনি লড়াই’ ডেকে আনছে বলেও তিনি মন্তব্য করেন। হোয়াইট হাউজের মুখপাত্র ড্যান পিফারের ভাষায়, অবমাননার অভিযোগে এই ভোটাভুটি আসলে রিপাবলিকানদের ‘রাজনৈতিক স্ট্যান্ট’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৩০ ঘ.