ওয়াশিংটন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আইনটিকে সাংবিধানিক বলে রায় দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)
ওবামার এ সংস্কার আইনানুযায়ী, সব মার্কিনিকে ২০১৪ সালের মধ্যে স্বাস্থ্যবীমা করা নয়ত জরিমানা দেওয়ার বিধান রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির বেঞ্চের ৫-৪ ভোটের মধ্যে আইনটির পক্ষে প্রধান বিচারপতি জন রবার্টস এর ভোটেই তা বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়।
২০১০ সালের মার্চে ‘রোগীর সুরক্ষা ও স্বল্প ব্যয়ে সেবার নিশ্চয়তা’ বিষয়ক সংস্কার বিলটি আইনে পরিণত করতে ওবামা সই করার কয়েক মিনিটি পরই ফ্লোরিডাসহ ১২ টি অঙ্গরাজ্য এ বিলের আইনগত বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে।
বৃহস্পতিবার এ মামলারই রায় দিল আদালত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে লিখেছেন, ‘পেশেন্ট প্রটেকশন এন্ড এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (এসিএ)’র আওতায় যেসব মার্কিনি স্বাস্থ্যবীমা করবে না তাদেরকে মাসুল হিসাবে জরিমানা দিতে হবে। এ জরিমানা গণ্য হবে কর হিসাবে।”
উপসংহার টেনে রবার্টস লেখেন, সংবিধানের আওতায় এ ধরনের করের বিধান আছে। একে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়।”
আদালতের এ রায় নিয়ে স্থানীয় সময় ১২ টা ১৫ মিনিটে ওবামার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সা¤প্রতিককালে ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইনটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। এ আইনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুষ্পষ্ট মতবিরোধ আছে।
আর সেকারণেই নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুপ্রিম কোর্টের এ রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩২ঘ.
bdnews24