রামাল্লাহ, পশ্চিম তীর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের শহর রামাল্লায় ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী শাউল মোফাজের সঙ্গে আগামী রোববার বৈঠক করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
২০১০ সালে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে এই প্রথম উভয়ের মধ্যে উচ্চ পর্যায়ের এ বৈঠক হবে বলে ফিলিস্তনি কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের প্রধান মধ্যস্থতাকারী সায়েব ইরেকাত ভয়েস অব প্যালেস্টাইন বেতারকে বৃহস্পতিবার বলেছেন, “প্রেসিডেন্ট আব্বাস ও মোফাজের মধ্যে রোববার বৈঠক অনুষ্ঠিত হবে। মোফাজের আহ্বানে সাড়া দিয়ে তার সঙ্গে আলোচনায় বসবেন আব্বাস।”
ওদিকে, বৈঠক হবে কিনা এ ব্যাপারে কোন নিশ্চয়তা দেননি বা এ খবর অস্বীকারও করেনি মোফাজের এক মুখপাত্র। তবে এ ধরনের এক বৈঠক আয়োজনের জন্য আব্বাসের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তবে মোফাজ এ মাসে সাংবাদিকদের জানিয়েছেন, “ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার সম্ভাব্য উপায় খতিয়ে দেখতে” আব্বাসের সঙ্গে সাক্ষাতের চিন্তা-ভাবনা করছেন তিনি।
পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন নিয়ে বিরোধের কারণে ২০১০ সালের শেষের দিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যায়। এ আলোচনা পুনরায় শুরু করতে বসতি স্থাপন বন্ধের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিন।
ইসরায়েল বলছে, আলোচনার মাধ্যমে বসতি স্থাপন ইস্যুর নিস্পত্তি করা হবে এবং শান্তি আলোচনার ক্ষেত্রে কোন পূর্ব শর্ত মানা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৪ঘ.
bdnews24