২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সীমান্তে তুরস্কের সামরিক তৎপরতা, দামেস্কে বিস্ফোরণ

জঙ্গি বিমান বিধ্বস্তের জেরে সিরিয়া সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে তুরস্ক। এরই মধ্যে দামেস্কের কেন্দ্রস্থলে প্রধান আদালত প্রাঙ্গনে হামলার খবর পাওয়া গেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ইস্কেন্দুরান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়া সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে তুরস্ক। সীমান্ত বরাবর মোতায়েন হচ্ছে তুরস্কের সেনা ও সামরিক যানসহ রকেট লাঞ্চার এমনকি বিমান বিধ্বংসী অস্ত্রও। এরই মধ্যে বৃহস্পতিবার দামেস্কের কেন্দ্রস্থলে সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে বিদ্রোহীদের হামলায় বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। সিরিয়া টিভি আদালতে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসীদের বোমা’ হামলা বলে বর্ণনা করেছে। টিভি স¤প্রচারে হামলাস্থলে ঘন কালো ধোঁয়া এবং গাড়ি জ্বলতে দেখা গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি টিভিতে বন্দুকধারীদের গুলি ও বোমা হামলার পরদিনই দামেস্কে নতুন করে হামলা হল। তবে এতে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। দামেস্কের আরো তিনটি শহরতলীতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে আন্দোলনকর্মীরা। বিভিন্ন স্থানে বিদ্রোহী হামলা, সংঘর্ষ এবং সীমান্তে তুরস্কের সেনা সমাবেশে আসাদের ওপর চাপ বাড়ছে। বৃহস্পতিবার তুরস্কের সামরিক যানের বহর ইস্কান্দুরান এবং দিয়ারবাকিরের ঘাঁটি থেকে সীমান্ত এলাকার দিকে যেতে দেখা গেছে। ঠিক যে জায়গাটিতে ভূপাতিত হয়েছিল তুর্কি জঙ্গি বিমান। গত সপ্তাহে সিরীয় সেনাদের গোলায় তুরস্কের ওই জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর দামেস্ক থেকে নিরাপত্তায় আরো হুমকির আশঙ্কায় এ ব্যবস্থা নিচ্ছে আঙ্কারা। জঙ্গি বিমান বিধ্বস্তের পর তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সিরিয়াকে ‘প্রকাশ্য হুমকি’ আখ্যা দিয়ে সীমান্ত এলাকায় পরবর্তী যেকোনোরকম হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি কর্মকর্তা বলেছেন, হাতায় প্রদেশের সীমান্ত বরাবর সেনা সমাবেশ ঘটানো হচ্ছে এ ব্যাপারে তিনি নিশ্চিত। তুরস্ক পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ঠিক কতজন সেনা ও সামরিক যান পাঠানো হয়েছে তা তিনি জানেন না। তবে তারা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের সীমান্তবর্তী যায়লাদাগি, আলটিনজু ও রিযাহানলি এলাকায় অবস্থান নেবে। তুরস্কের ৫ম সশস্ত্র ব্রিগেড থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকসহ সেনাযানের একটি বহর বৃহস্পতিবার দক্ষিণপূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ ঘাঁটি ছেড়ে কাছাকাছি সীমান্তবর্তী কিলিস প্রদেশ অভিমুখে অগ্রসর হয়েছে। তুরস্কের দোগান বার্তা সংস্থার ভিডিওতে দেখা গেছে, তুর্কি সামিরক ঘাঁটিগুলো থেকে সারি সারি সেনা যান সিরিয়া সীমান্তের দিকে এগুচ্ছে। জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার জায়গার কাছেই এ সামরিক তৎপরতা চলছে। গত শুক্রবার সিরিয়ার গোলায় তুরস্কের এফ-৪ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে সাগরে পড়েছে। বিমানের দুই পাইলট এখনো নিঁখোজ। সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’এবং সিরীয় শরণার্থীদের সীমান্ত এলাকায় আশ্রয় দিয়ে আসছে তুরস্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০৫ঘ