ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করতে এবার নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের ওপর চাপ সৃষ্টি করেছে সুপ্রিম কোর্ট।
সুইজারল্যান্ডে ওই মামলা পুনরায় শুরুর সিদ্ধান্ত নিতে রাজাকে ১২ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আদালত।
এই মামলা পুনরুজ্জীবিত করার সুপ্রিম কোর্টের আদেশ না মানার অপরাধে রাজা পারভেজের পূর্বসূরি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে প্রতীকী সাজা দেওয়া হয়েছিল।
পরে আরেক রায়ে আদালত তাকে প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট সদস্যপদে অযোগ্য ঘোষণা করে।
বিচারপতি নাসির-উল-মুল্ক এর নেতৃত্বাধীন তিন বিচারকের প্যানেল এটর্নি জেনারেলকে ইরফান কাদিরকে এ ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
এক সংক্ষিপ্ত আদেশে বিচারক প্যানেল বলেছে, নতুন প্রধানমন্ত্রী আদালতের আদেশানুযায়ী কাজ করবেন বলেই তারা আশা করে।
আদালত এ বিষয়টি নিয়ে এটর্নি জেনারেলকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা এবং এ ব্যাপারে তার অবস্থান ১২ জুলাইয়ের শুনানিতে আদালতকে জানানোর অনুরোধ জানিয়েছে।
সুপ্রিম কোর্ট ১৯ জুন গিলানিকে অযোগ্য ঘোষণার পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন পিপল পার্টি পিপিপি প্রধান জারদারির ঘনিষ্ঠ সহযোগী রাজা পারভেজ আশরাফ।
প্রেসিডেন্ট হিসাবে জারদারির আইনি ছাড় আছে এই যুক্তিতে গিলানি তার দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করতে চাননি।
রাজা পারভেজ আশরাফও প্রধানমন্ত্রী হওয়ার পরপরই পরিস্কার জানিয়েছেন তিনি ওই মামলা শুরুর জন্য সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখবেন না। এ ইস্যুতে গিলানির সঙ্গে তার অবস্থানের কোনো তফাৎ নেই বলেও জানিয়েছেন রাজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৪০ঘ.
bdnews24